রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল

বাংলাদেশের পর্বতারোহী ও এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিল ইউরোপ ও রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেছেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার এই শৃঙ্গ জয় করেন তিনি ‘Ashes & Ice, The Dormant Giant Expedition 2026’ অভিযানের মাধ্যমে।
প্রায় ১৫ দিনের এই অভিযানে অংশ নিতে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা হন শাকিল। সফলভাবে এলব্রুসের চূড়ায় আরোহণের পর নিরাপদে নিচে নেমে তিনি ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন।
অভিযানটি বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের প্রতীক হিসেবেও তুলে ধরা হয়েছে। সাহসিকতা ও পর্বতারোহণের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার বার্তাও রয়েছে এই অভিযানে।
অভিযানে যাওয়ার আগে ঢাকার রাশিয়ান হাউসে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। তিনি সেই পতাকা সঙ্গে নিয়ে এলব্রুসের চূড়ায় আরোহণ করেন।
মাউন্ট এলব্রুস জয় বাংলাদেশের পর্বতারোহণে শাকিলের আরেকটি উল্লেখযোগ্য অর্জন। তার এই সাফল্য দেশের তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।


