‘সহানুভূতি নয়, দলের প্রয়োজনেই জাকেরকে নেয়া হয়েছিল’

সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে এক ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং পারফরম্যান্স ছিল হতশ্রী। প্রথম ইনিংসে ৯১ এবং দ্বিতীয় ইনিংসে থেমেছে ১৮৪ রনে। সেঞ্চুরিয়নে একাদশে বাড়তি ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাকের আলী অনিক। তবে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ১ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ২ রান। তাতে তার দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সহানুভূতি নয়, দলের প্রয়োজন বিবেচনা করেই নেওয়া হয়েছিল এই ব্যাটারকে।
২০২৪ সালের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল জাকেরের। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। এরপর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেও পেয়েছিলেন ফিফটি। টেস্ট ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই ব্যাটার।
তবে সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না জাকের। শেষ পাঁচ ইনিংসে মাত্র একবার দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন তিনি। সর্বোচ্চ রান ২২। এবার সাউথ আফ্রিকার মাটিতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জাকেরকে একাদশে নেওয়ার কারণ জানতে চাওয়া হয়। জবাবে শান্ত বলেন, ‘না, এখানে কাউকে সহানুভূতি দেখিয়ে কাউকে দলে নেওয়া হয় না। দলের প্রয়োজনে যাকে ভালো করবে বলে মনে করা হয় তাকেই দলে নেয়া হয়। জাকের আলী অতীতে লাল বলের ক্রিকেটে ভালো করেছে। আমাদের মনে হয়েছে সে যদি দলে আসে তাহলে দলের জন্য ভালো কিছু করতে পারবে, তবে দুর্ভাগ্যজনকভাবে করতে পারেনি। এরকম হয়।’
এদিকে দলের সামগ্রিক ব্যাটিং পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘অবশ্যই অনেক হতাশাজনক। অনেক অফস্টাম্পের বাইরের বলে আমরা আউট হয়েছি। এমন কন্ডিশনে কাজটা কঠিন। ব্যাটিং ইউনিট হিসেবে এসব বল আমাদেরকে ছাড়তে হবে। লম্বা ইনিংস খেলতে হবে। জোহানেসবার্গে প্রথম ইনিংস অবিশ্বাস্য ছিল (ব্যাটিংয়ে), তবে এখানে ঠিকভাবে মানিয়ে নিতে পারিনি আমরা।’
সাউথ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার বিষয়টিও স্বীকার করেছেন শান্ত। তার মতে, এমন কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ আগে থেকেই জানা ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে দ্রুত মানিয়ে নিতে না পারায় বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা অবশ্যই জানতাম, সেঞ্চুরিয়নের কন্ডিশন এমনই হবে। একটি ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’





