ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় বসেছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসর। টানা দুই ম্যাচ জিতে টেবিলের সেরা দল এখনও বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে বাংলাদেশের চলমান তৃতীয় ম্যাচ বাতিল হতে পারে। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় এ সম্ভাবনা দেখা দিয়েছে।
বিরতির পর বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়েরা আবারও মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন। তবে এ সময় ম্যাচ কমিশনার আনসার আসিফ তাদের মাঠে নামতে মানা করেন। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।
ম্যাচ কমিশনার মাঠের অবস্থা আরও ৪৫ মিনিট পর্যবেক্ষণ করবেন। তার মধ্যে মাঠ খেলার উপযোগী হলে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচের বাকি অংশ শুরু হবে। অন্যথায় বাতিল হবে বাংলাদেশ ভুটানের এ ম্যাচ।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচ শুরুর ৭ মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তারপর আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। বৃষ্টির কারণে দুদলের খেলতে বেশ অসুবিধা হচ্ছিলো এ সময়।








