উলের টুপি খেয়ে মারা গেল বিশ্বজুড়ে জনপ্রিয় জলহস্তী ‘ফিওনা’

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানার বিশ্বজুড়ে পরিচিত জলহস্তী ফিওনা মারা গেছে। দর্শনার্থীর ছুড়ে ফেলা একটি উলের টুপি খেয়ে গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯ বছর।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, টুপিটি ভুলবশত ফিওনার আবাসস্থলে পড়ে যায়। সেটি খাওয়ার পর তার অন্ত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে চিড়িয়াখানার পশুচিকিৎসক ও পরিচর্যাকারীরা সার্বক্ষণিক চিকিৎসা চালিয়ে যান। একাধিকবার টুপিটি শরীর থেকে বের করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিকে বলেন, ‘আমরা এখনো ধাক্কা সামলে উঠতে পারিনি। এমন পরিণতি হবে, তা ভাবিনি। শেষ পর্যন্ত লড়াই করেছে ফিওনা।’
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রায় এক সপ্তাহ আগে দর্শনার্থীদের দেখার স্থানের সামনে একটি টুপি ছুড়ে দেওয়া হয়। সেটি ছাদের পাখায় আটকে ১২ ফুট উঁচু কাচের দেয়ালের ওপরের প্রায় এক ফুট ফাঁকা জায়গা দিয়ে ফিওনার আবাসস্থলে গিয়ে পড়ে।
পশুচিকিৎসকদের ধারণা, টুপিটি ফিওনার ক্ষুদ্রান্ত্রে আটকে গিয়ে অন্ত্রে রক্ত চলাচল ব্যাহত করে। এতে অন্ত্রের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তার শারীরিক গঠন ও অতিরিক্ত ওজনের কারণে অস্ত্রোপচারও ঝুঁকিপূর্ণ ছিল।
২০১৭ সালে নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগে জন্ম নিয়ে আলোচনায় আসে ফিওনা। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ২৯ পাউন্ড। অথচ সাধারণত জলহস্তীর বাচ্চার ওজন প্রায় ১০০ পাউন্ড হয়ে থাকে। জন্মের পর নিজে দাঁড়াতে ও মায়ের দুধ পান করতে না পারায় চিড়িয়াখানার কর্মীরা বিশেষ পরিচর্যার ব্যবস্থা করেন। তাদের দলটির নাম দেওয়া হয় ‘টিম ফিওনা’।
পরবর্তী সময়ে ফিওনার বেড়ে ওঠার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে আন্তর্জাতিক তারকায় পরিণত হয়। তার নামে তৈরি হয় পণ্যসামগ্রী, এমনকি স্থানীয় একটি প্রতিষ্ঠান বিশেষ পানীয়ও তৈরি করে। তাকে দেখতে অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রাজিল ও জাপানসহ বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা সিনসিনাটি চিড়িয়াখানায় আসতেন।
সাধারণ জলহস্তী বন্দিদশায় প্রায় ৪০ থেকে ৫০ বছর বাঁচলেও মাত্র ৯ বছর বয়সে মারা গেল ফিওনা।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিনসিনাটির মেয়র আফতাব পুরেভাল, ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। মেয়র বলেন, ফিওনা শহরটির মানুষের কাছে অধ্যবসায় ও আনন্দের প্রতীক ছিল।
চিড়িয়াখানার বাইরে ফিওনা ও তার মায়ের ভাস্কর্যের পাশে ফুলের তোড়া ও শোকবার্তা রেখে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।
আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি জেনিফার কুয়ামেন বলেন, ফিওনার মৃত্যু চিড়িয়াখানায় প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব মনে করিয়ে দেয়। দর্শনার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র সাবধানে রাখা এবং প্রাণীদের নির্ধারিত নিরাপত্তা সীমানা মেনে চলা জরুরি। মানুষের কাছে নিরীহ মনে হওয়া কোনো বস্তু প্রাণীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।






