ফিফা উইন্ডোর বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। স্ট্রেচারে করে বাংলাদেশের এক খেলোয়াড়কে মাঠের বাইরে নিতে গিয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়েছে ভুটানের এক স্বেচ্ছাসেবীকে।
খেলার প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিট, বাংলাদেশের স্ট্রাইকার রাকিব হোসেনকে আগের মিনিটে আঘাত করে বসেন ভুটানের এক ডিফেন্ডার। ওই ঘটনার পর খেলা মাঠে গড়ালে মাঝমাঠে শুয়ে পড়েন রাকিব।
তাকে স্ট্রেচারে করে তুলে নেয়ার জন্য দুজন স্বেচ্ছাসেবাী মাঠে ঢোকেন। রাকিবের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ এক স্বেচ্ছাসেবী মাঠে অজ্ঞান হয়ে পড়ে যান। অবস্থা দেখে আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্স ডাকতে থাকেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা। পরে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় স্বেচ্ছাসেবীকে।
পরে ভুটানের ধারাভাষ্যকাররা জানান, ওই স্বেচ্ছাসেবী ঠিক আছেন, চিন্তার কোনো কারণ নেই। প্রথমার্ধের খেলায় বাংলাদেশ ১-০তে এগিয়ে আছে।








