হামজা বাংলাদেশের একজন মূল খেলোয়াড়: ডি সিলভা

সোমবার বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তাকে ঘিরেই চলছে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিশেষ পরিকল্পনা। শ্রীলঙ্কা জানে হামজা বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। সেই বিষয়টিই তুলে ধরেছেন শ্রীলঙ্কার মিডফিল্ডার ডিলান ডি সিলভা।
বাংলাদেশের বিপক্ষে বুধবারের ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ মাধ্যমে কথা বলেছেন শ্রীলঙ্কার তিন খেলোয়াড় ও কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সেখানে বাংলাদেশের খেলোয়াড়, দলের লক্ষ্য, সেমিফাইনালের সমীকরণ নানা বিষয়ে কথা বলেন তারা।
হামজাকে নিয়ে প্রশ্ন করার পর ডিলান ডি সিলভা বলেন, ‘আমরা জানি, হামজা বাংলাদেশের একজন মূল খেলোয়াড়। আমাদের মনোযোগ আমরা কী করতে পারি এবং লক্ষ্যগুলোর উপর। সত্যি বলতে, আমি মনে করি না কালকের ম্যাচ আমার ও হামজার মধ্যকার কোনো লড়াই।’
‘পুরো দল জুড়েই এমন অন্যান্য খেলোয়াড় রয়েছে যারা নিজেদের মেলে ধরেছে, পার্থক্য তৈরি করতে পারে। তাছাড়া আমাদের দলেও সমতুল্য সক্ষম খেলোয়াড় রয়েছে। সুতরাং আমরা কেবল একটি দল বা একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নই। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি একই। তারা কেবল একজন খেলোয়াড়কে নিয়ে থাকবে এমন হতে পারে না।’
ভুটানের বিপক্ষে দুটি গোল হজম করাটা হতাশাজনক ছিল কিনা এমন প্রশ্নে ডিলান বলেন, ‘ফুটবল টুর্নামেন্টে যেমনটা আমি আগেই বলেছি, এমনটা হতেই পারে। ফুটবলে ম্যাচগুলো কখনো উন্মুক্ত হতে পারে, কখনো তীব্রতা খুব বেশি থাকে, আবার কখনো স্কোরলাইন দেখে মনে হয় খেলা আগেই শেষ হয়ে গেছে। তবে সেটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আমাদের স্কোয়াড বা দলের জন্য বিচলিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কিছু ঘটেনি।’
ইংল্যান্ডের ভিন্ন দুই ক্লাবে খেলা দুই খেলোয়াড়ের মধ্যকার লড়াই হবে কিনা এমন প্রশ্নে এ মিডফিল্ডার আরও বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না এটি আমার ও তার মধ্যকার কোনো লড়াই। আমি মনে করি এটি একটি দলগত খেলা। এখানে ১১ জন খেলোয়াড় ও বদলি খেলোয়াড়রা রয়েছে। আমি বিশ্বাস করি এটি একটি ভালো খেলা হবে। বিগত বছরগুলোতে আমরা বেশ কয়েকবার বাংলাদেশের বিপক্ষে খেলেছি এবং এটি সবসময়ই একটি ভালো চ্যালেঞ্জ ছিল। তাই আমরা এ ম্যাচ নিয়ে উন্মুখ হয়ে আছি। তবে আমি বিশ্বাস করি না যে লড়াইটি কেবল আমার ও হামজার মধ্যে সীমাবদ্ধ।’
বাংলাদেশকে ঘরের মাটিতে হারিয়ে অঘটন ঘটাতে চাওয়া ডিলান আরও বলেন, ‘আমার মনে হয় এটি নিশ্চিতভাবেই একটি রোমাঞ্চকর খেলা হবে। কারণ দুটি দলই ম্যাচটি জিততে চাইবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বাগতিক দর্শকদের সমর্থন থাকবে। তবে আমরা একটি অঘটন ঘটাতে চাই, আমরা সেটাই করতে চাই এবং আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ও আশা করি সফল হব।’






