ভুটানের বিপক্ষে দুটি প্রীতিম্যাচের প্রথমটিতে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে ভুটান। ১-০ গোলে জিতেছে তারা। দুই ম্যাচের জয়ের স্বপ্ন নিয়ে ভুটান সফর করলেও তা আর পূর্ণ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। তারপরও ভুটান সফরকে জামাল ভূঁইয়াদের জন্য ইতিবাচক বলছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের স্প্যানিয়ার্ড কোচ বলেছেন, ‘আমি মনে করি, এটা সবার জন্য ইতিবাচক। আমাদের মনে রাখতে হবে, তিন দিন আগেই আমরা একটা ম্যাচ খেলেছি এবং এ ম্যাচের তীব্রতাও ছিল বেশি। আবারও বলছি, পরিস্থিতি ছিল আরও বেশি উদ্যোমী হওয়ার, কিন্তু আমরা কিছুটা নড়বড়ে হয়ে গেছি। তারা সুযোগটা কাজে লাগিয়েছে।’
‘এখানকার কন্ডিশনে আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলাও দলের জন্য ভালো। আমার কাছে, সবসময় খেলার মধ্যে থাকা দলের জন্য ভালো এবং সব উইন্ডোতে আমাদের এই লক্ষ্য থাকে। এখন আমাদের খেলায় আরেকটু উন্নতি করতে হবে।’
হারের কারণ ব্যাখ্যায় ক্যাবরেরা বলেছেন, ‘আজ আমরা ফাঁকা জায়গা কাজে লাগাতে পারিনি, এটা স্বাভাবিক। কখনও কখনও আমরা গোল করতে পারি। যদি গোল নাও পারি, তাহলে আমরা ভালোভাবে রক্ষণ সামলাই। যেটা দ্বিতীয়ার্ধে করতে সমর্থ হয়েছিলাম, কিন্তু যে গোলটি খেলাম, সেটা হয়তো আমরা আটকাতে পারতাম, কিন্তু পারিনি। ঠিক আছে, ফুটবলে এমন কিছু হতেই পারে। হার মেনে নিতে হয়।’
‘শুরুতে আসলে আমরা ধারণা করেছিলাম এমন কিছু ঘটতে পারে। কেননা ভুটানের জয় প্রয়োজন। তারা প্রথম ম্যাচ হেরেছিল এবং এ কারণে আরও শক্তভাবে তারা ফিরে এসেছে, নিজেদের কাজটাও করেছে। সেদিক থেকে সবকিছু আমরা ভালোভাবে সামলাতে পারিনি। দ্বিতীয়ার্ধে সম্ভবত আমরা তুলনামুলক ভালো ছিলাম। প্রথমার্ধে ওরা প্রথম ম্যাচের তুলনায় আমাদের চেয়ে নিখুঁত ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধ আটসাঁট ছিল, শেষ দিকের ওই গোলটি ছাড়া, সেট পিসে তারা তুলনামূলকভাবে বেশি নিখুঁত ছিল। আমাদের সেট পিসও তারা ভালোভাবে সামলেছে।’








