বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটিতে উৎসবের আমেজ

রাঙ্গামাটিতে বৈসাবি উৎসবের সময় অংশগ্রহণকারীরা পানিতে ফুল ছুঁড়ছেন, উৎসবের আনন্দ উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটিতে বইছে উৎসবের আমেজ। ১২ এপ্রিল থেকে বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু হবার কথা থাকলেও তার আগে থেকেই পাহাড়ের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন আনুষ্ঠানিকতা।
বৈসাবী উপলক্ষে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটে আয়োজন করা হয় ৫ দিনব্যাপী বৈসাবি মেলা। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর উদ্যোগে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সার্বিক সহযোগিতায় ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গণে এ মেলা চলছে। বৈসাবি উৎসবের আগমনকে ঘিরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে বইছে আনন্দের বন্যা।
পাচঁদিন ব্যাপী বৈসাবি মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।






