কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয়েছে দেড় বছর আগে। ধারাবাহিকটি শেষ হলেও দর্শকরা ভুলে যায়নি। বরং নতুন সিজন আনার জন্য নির্মাতার কাছে অনেকদিন ধরে আবদার জানাচ্ছিলেন। এবার অমির উদ্দেশে দর্শকরা রীতিমত হুমকি দিয়ে বলছেন, নতুন সিজন না আনলে আন্দোলনে নামবেন! কেউ কেউ লিখছেন, মুখে অনেকবার বলা হয়েছে, এবার সরাসরি আন্দোলনে নামবো।
নাহিদ রাজ নামে একজন লিখেছেন, পরিচালক অমি দ্রুত দর্শকের দাবী মেনে নিন। এটা ১ দফা, ১ দাবী। এই দাবী না মানলে আন্দোলনে নামবো। ফরহাদ লস্কর লিখেছেন, ব্যাচেলর পয়েন্ট নতুন সিজনের দাবিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে অমি ভাইয়ের বাসার দিকে যাবো।
নোমান নামে একজন মন্তব্যে বলেছেন, অমি ভাইকে আল্টিমেটাম দিচ্ছি ‘সিজন ৫’র সুখবর দিতে। রতন ধর লিখেছেন, দেশের মানুষের এখন বিনোদন প্রয়োজন। অনলাইনে রাজনীতি আর গুজবের নিউজে অনেকে ডিপ্রেশনে গেছে। তাই ভরপুর বিনোদন দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন রিলিজ করুন।
দর্শকদের করা এমন অসংখ্য পোস্টে কাজল আরেফিন অমিকে ট্যাগ করতে দেখা গেছে। এরপর বৃহস্পতিবার দুপুরে নির্মাতা তার ফেসবুক আইডি ও পেইজে ‘হোয়াট নেক্সট’ লিখে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিন ঘণ্টায় সাত হাজারের বেশি মন্তব্য চোখে পড়েছে। যেখানে ৯৫ শতাংশ দর্শক অমির কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ চাইছেন। বাকি ৫ শতাংশ মন্তব্যে দর্শকরা তাকে সিনেমা বানাতে উৎসাহিত করছেন।
এক জিনিস মানুষের বেশিদিন ভালো লাগে না। কিন্তু ব্যাচেলর পয়েন্ট নাটকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, ২০২২ সালে ডিসেম্বরে সিজন ৪-এর শেষ পর্ব প্রচার হয়। আজও দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মানুষের এই আগ্রহকে আমি সম্মান জানাই। তাদের প্রত্যাশা পূরণ করতে হলে আমার আরও সচেতন হয়ে স্টাডি করতে হবে। এ জন্য অনেক সময় লাগে।দর্শকরা আবেগ প্রবণ হয়ে আন্দোলন করতে চাইছে। আমি দর্শকদের বলতে চাই, আমাকে সময় দিন। পরিপূর্ণ জিনিস উপহার দিতে পারবো।
একটি পোস্ট দেয়ায় দর্শক বরাবরের মতো রেসপন্স দিয়েছেন উল্লেখ করে অমি বলেন, হোটেল রিলাক্স, অসময়-এর পর দর্শকের কাছে জানতে চাইলাম তারা আমার কাছে কি চায়! ৯৫ শতাংশ অডিয়ান্স ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন চাইছে। আমি সবসময় দর্শকদের চাওয়াকে গুরুত্ব দেই। তাদের সাপোর্ট সবসময় আমাকে ‘আরও বেটার’ প্রডাকশন নির্মাণে অনুপ্রাণিত করে। শিগগির সুসংবাদ দেয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।







