রবিবার মিরপুরের সনি স্কয়ারে হয়ে গেল ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘তাণ্ডব’-এর বিশেষ প্রদর্শনী। যেখানে দেশের শোবিজ অঙ্গনের মানুষেরা আমন্ত্রিত ছিলেন। ছবিটি দেখতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
প্রদর্শনী শেষে এদিন মধ্য রাতে ফেসবুকে সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। ‘তাণ্ডব’ নিয়ে লিখেন, ‘তাণ্ডব’ দেখলাম। রায়হান রাফী জানেন তার দর্শক কী চায়, আর সেটা তিনি দিতেও পারেন। এটা একটা বড় গুণ, যেটা তাকে এত সফল পরিচালক করে তুলেছে। সিনেমাটি ছিল দারুণ মজার ও বিনোদনে ভরপুর।
সিনেমাটি নিয়ে বাঁধন আরও বলেন, “তবে আমি রাফীর আরও অনেক কাজ দেখেছি এবং জানি তিনি কতটা মেধাবী। তাই একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার অনুরোধ—তিনি যেন ভবিষ্যতে এমন একটি সিনেমা নির্মাণ করেন, যেখানে একজন নারী হবেন প্রধান চরিত্র। তাঁর ভেতরে সেই শক্তি ও দৃষ্টিভঙ্গি রয়েছে, যা দিয়ে তিনি সমাজে এবং ইন্ডাস্ট্রিতে বাস্তব পরিবর্তন আনতে পারেন।”
তবে সবচেয়ে আলোচিত হয়েছে বাঁধনের দ্বিতীয় পোস্টটি। যেখানে তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন।
বাঁধন লিখেছেন, “আমার জীবনে অনেক মানুষ আমাকে অনুপ্রাণিত করেছেন। তাদের সবকিছুর সঙ্গে একমত না হলেও তাদের যাত্রার কিছু অংশ বা তাদের সাহস আমাকে নাড়া দেয়। তেমনই একজন মানুষ শাকিব খান।”
বাঁধন লিখেছেন,“আমি শ্রদ্ধা করি, তিনি (শাকিব খান) কীভাবে নিজেকে তৈরি করেছেন। এতটা জনপ্রিয়তার শিখরে পৌঁছানো সহজ কিছু নয়—এর পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, আর শিল্পের প্রতি গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। তার এই পথচলাই তাকে আজকের শাকিব খান করে তুলেছে—এবং সে জন্যই আমার পক্ষ থেকে রয়েছে আন্তরিক শ্রদ্ধা।”
শাকিবকে নিয়ে বাঁধন বলেন, “মানুষ তাকে নিঃশর্ত ভালোবাসে, আর এটা এক অসাধারণ শক্তি। আমি বিশ্বাস করি, খ্যাতি ও সাফল্যের সঙ্গে আসে বড় দায়িত্ব। আশা করি, তিনিও সেই সত্য ধারণ করে এগিয়ে যাবেন। আমি তার প্রতিটি কাজের জন্য শুভকামনা জানাই।”
বাঁধনের এই পোস্টটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় এসেছে। ভক্তরা প্রশংসা করছেন তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং একজন সহশিল্পী হিসেবে শাকিব খানের প্রতি প্রকাশিত অনুভূতিকে।
এবারের ঈদে ‘তাণ্ডব’-এর সাথে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর খ্যাত’ বাঁধন অভিনীত নারী প্রধান সিনেমা ‘এশা মার্ডার’। শুরুতে সিনেমাটির দর্শক কম থাকলেও সময়ের সাথে সাথে সিনেমাটি পছন্দ করতে শুরু করেন দর্শক।







