পদ্মা সেতু দেখতে গিয়ে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও একজন

ছবি: সংগৃহীত।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু দেখতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই পর্যটকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) মারুফ (৪০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ অপর ব্যক্তি মো. রাসেলের (৩৫) সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মী গোসল করতে নদীতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন।
নিখোঁজ মারুফের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। রাসেলের বাড়ি পটুয়াখালীতে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়। পরে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। তবে রাসেলের সন্ধান পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।






