‘সড়ক, নৌ ও রেলপথে প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু’

বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে ১৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন।
সংস্থাটি বলছে, গত মাসে সারা দেশে প্রায় ৪৪২টি সড়ক দুর্ঘটনা হয়, যেখানে অন্তত ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হন।
নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৭৩ জন নারী রয়েছেন।
যানবাহন বিবেচনায় সড়কে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল, যা প্রায় ৩৪ দশমিক ৮৪ শতাংশ। এতে অন্তত ১৩৯ জন প্রাণ হারান, যা সড়কে মোট মৃত্যুর প্রায় ৩২ দশমিক ৮৬ শতাংশ।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দিনের অন্যান্যভাগের তুলনায় সকাল, দুপুর এবং রাতে বেশি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সকালে ২৪ দশমিক ৪৩ শতাংশ, দুপুরে ২১ দশমিক ২৬ শতাংশ এবং রাতে ঘটেছে ১৬ দশমিক ৯৬ শতাংশ।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৬ জনই পথচারী, যা মোট নিহতের ২৫ দশমিক শূন্য পাঁচ শতাংশ।
এদিকে, গেল মাসে নৌপথে ১১টি দুর্ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ১৬ জন নিহত হন। এছাড়া চারজন এখনও নিখোঁজ রয়েছেন।
একই সময়ে, রেলপথে ২৩টি দুর্ঘটনায় সেপ্টেম্বর মাসে অন্তত ১৯ জন প্রাণ হারান।






