পর্তুগালের হাসপাতালে ১০ দিন কোমায়, শেষ পর্যন্ত বাঁচানো গেল না রাহাতকে

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ দিন কোমায় থাকার পর মারা গেছেন বাংলাদেশি প্রবাসী রাহাত। বুধবার (৪ নভেম্বর) রাতে দুর্ঘটনার শিকার হওয়ার পর লিসবনের সাও জোসে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাহাতের বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার শিমুলতলী এলাকায়। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত ৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পর্তুগালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রাহাত। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে লিসবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন কোমায় ছিলেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রাহাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এক শোকবার্তায় দূতাবাসের পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
একজন প্রবাসী বাংলাদেশির এমন অকাল মৃত্যুতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।





