ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৩ নভেম্বর) স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতর ১২টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এর আগেও গাজার শরণার্থী শিবিরগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েল টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালালে সেই হামলায় ১৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০ জন নিখোঁজ হন।
তবে ইসরায়েল দাবি, বেসামরিক নাগরিকরা তাদের টার্গেট নয়। তারা কেবল হামাসের সদস্য এবং তাদের টানেলগুলো ধ্বংস করার জন্য হামলা চালাচ্ছে।







