এশিয়া চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট দল জয় উদযাপন করছে, মাঠে খেলোয়াড়রা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সংযুক্ত আরব আমিরাতে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলটির জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার ঘোষণার কথা জানানো হয়েছে।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৯৮ রানে। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলকে ১৩৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।






