তীব্র গরম মোকাবিলায় একসঙ্গে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটান

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। এর প্রভাবে দক্ষিণ এশিয়ায় তীব্র গরমের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে চরম তাপমাত্রার স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করছে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নয়াদিল্লিতে গ্লোবাল হিট ফোরামে চার দেশের তাপ ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পৃথক মূল্যায়ন প্রকাশ করা হয়েছে। গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্কের (জিএইচএইচআইএন) সাউথ এশিয়া হাব এসব মূল্যায়ন করেছে।
মূল্যায়নে বলা হয়েছে, চার দেশেই তাপপ্রবাহ মোকাবিলায় হিট অ্যাকশন প্ল্যান, পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে উঠেছে। তবে সতর্কবার্তার পর মাঠপর্যায়ে দ্রুত সুরক্ষা নিশ্চিত করা, তাপজনিত অসুস্থতার তথ্য সংগ্রহ এবং স্থানীয় পর্যায়ে অর্থায়নে এখনও ঘাটতি রয়েছে।
ভারতে ২৫০টির বেশি শহর ও জেলায় হিট অ্যাকশন প্ল্যান চালু হয়েছে। দেশটির ৫৭ শতাংশ জেলা উচ্চ থেকে অত্যন্ত উচ্চ তাপঝুঁকিতে রয়েছে। তাপজনিত অসুস্থতার জন্য জাতীয় নজরদারি ব্যবস্থা চালুর পাশাপাশি ১৮ হাজারের বেশি চিকিৎসা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নেপালের দক্ষিণাঞ্চলের তরাই সমভূমিতে ২০২৪ সালে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার ৫০টি দিন রেকর্ড হয়। দেশটি প্রথমবারের মতো ফেডারেল হিট প্ল্যান চালু করেছে। তবে তাপজনিত অসুস্থতার তথ্য নিয়মিতভাবে সংরক্ষণের ব্যবস্থা এখনও সীমিত।
বাংলাদেশে ১৯৮০ সালের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতার সমন্বয়ে অনুভূত তাপমাত্রা প্রায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে বিশ্বব্যাংকের তথ্য উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জে প্রথম সিটি হিট অ্যাকশন প্ল্যান চালুর পাশাপাশি তাপজনিত অসুস্থতা নিয়ে জাতীয় নির্দেশিকাও তৈরি করা হয়েছে।
ভুটানের দক্ষিণাঞ্চলেও বাড়ছে তাপমাত্রা। দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাপঝুঁকি মোকাবিলার দায়িত্ব নির্ধারণ করেছে। একই সঙ্গে শ্রমিকদের সুরক্ষায় ২০২২ সালে বিধিমালা করা হয়েছে।
জিএইচএইচআইএন সাউথ এশিয়া হাবের চেয়ারম্যান ড. বিশ্বাস চিতালে বলেন, দক্ষিণ এশিয়ায় চরম তাপ এখন বছরজুড়ে থাকা আঞ্চলিক ঝুঁকিতে পরিণত হয়েছে। সতর্কবার্তাকে স্বাস্থ্যব্যবস্থা, স্থানীয় বাজেট ও শ্রমবিধির সঙ্গে যুক্ত করে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মূল্যায়নে চার দেশের মধ্যে তথ্য, পূর্বাভাস ও প্রস্তুতি ব্যবস্থা আরও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।






