ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে পিটিআইয়ের লংমার্চ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পঞ্চম দিনে পেশোয়ারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে মিছিলটি পেশোয়ারের হায়াতাবাদ টোল প্লাজায় পৌঁছায়।
পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলটি সোয়াবির দিকে এগিয়ে যাবে। সেখানে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
টোল প্লাজায় সমর্থকদের উদ্দেশে আফ্রিদি বলেন, ইমরান খানের মুক্তি ও প্রকৃত স্বাধীনতার জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, ইমরান খান কারাগারে যে কষ্ট সহ্য করছেন, তার তুলনায় মিছিলকারীদের কষ্ট কিছুই নয়।
পিটিআইয়ের এই লংমার্চ শুরু হয় ৪ অক্টোবর লাক্কি মারওয়াত থেকে। এরপর মিছিলটি কোহাট, মাত্তানি ও খাইবার হয়ে পেশোয়ারে পৌঁছায়।
এর আগে ইসলামাবাদমুখী হওয়ার কথা থাকলেও কর্মসূচির গন্তব্য একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এখন ১০ অক্টোবর মারদানে এবং ১১ অক্টোবর সোয়াবিতে সমাবেশের পরিকল্পনা রয়েছে।
এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান বলেছেন, তার দল কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করেনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনা করা প্রয়োজন।
চারসাদ্দায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান বা সিন্ধুতে সন্ত্রাসে কোনো পাকিস্তানির মৃত্যু জাতীয় ক্ষতি। এ বিষয়ে রাজনৈতিকীকরণ না করে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
গোহর খান একই সঙ্গে দলের দুই নেতার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের দ্রুত নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তিনি খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন বা জরুরি অবস্থা জারির বিরোধিতা করে রাজনৈতিক সংকট সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের আহ্বান জানান।
লংমার্চ ঘিরে পেশোয়ারের বিভিন্ন এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি। নিরাপত্তার কারণে উচ্চপর্যায়ের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে লংমার্চে সরকারি হেলিকপ্টার ব্যবহারের অভিযোগে সোহেল আফ্রিদির কাছে জবাব চেয়েছে পেশোয়ার হাইকোর্ট। আদালতের আগের নির্দেশ অমান্য করে রাজনৈতিক কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারের অভিযোগে এ নোটিশ দেওয়া হয়েছে।






