ফুটবল

ফুলহ্যামের একাডেমি বর্ষসেরা বাংলাদেশের ফারহান

ফুলহ্যামের একাডেমি বর্ষসেরা বাংলাদেশের ফারহান

ইংলিশ ক্লাব ফুলহ্যাম এফসি’র ২০২৬ সালের একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার ‘জনি হেইন্স ট্রফি’ জিতেছেন বাংলাদেশের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ফুলহ্যাম এফসি তাদের ওয়েবসাইটে ফারহানের এ পুরস্কার জেতার তথ্য নিশ্চিত করেছে। আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ১৯ বর্ষী ফারহানের। দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে অভিষেক গোলেরও দেখা পেয়ে যান এ তারকা খেলোয়াড়।

‘জনি হেইন্স ট্রফি’ পুরস্কার নিতে মটসপার পার্কে আসার সময় ফারহান ফুলহ্যাম ক্লাবকে জানান, ‘সতীর্থদের ভোটে এই পুরস্কার পাওয়াটা সত্যি দারুণ ব্যাপার। এটি অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। গত মৌসুমে ভালো ও কঠিন দুই মুহূর্তই ছিল, তবে দল হিসেবে সতীর্থদের সাহায্য ছাড়া আমি এটি করতে পারতাম না। তারাই সেই স্ট্যান্ডার্ড বা মান বজায় রাখে, আমাকে এগিয়ে দেয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি করে, যা আমাকে একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে।’

‘অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের দিকে তাকালে বিষয়টি বিশেষ কিছু মনে হয়। ওয়াইকম্বের বিরুদ্ধে করা গোলটি ছিল গত মৌসুমের আমার অন্যতম প্রিয় মুহূর্ত; সাথে ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে আমার করা জোড়া গোলও। সেটিই সম্ভবত আমার সেরা পারফরম্যান্স ছিল।’

বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারা নিয়ে ফারহান বলেন, ‘আমার দেশের প্রতিনিধিত্ব করাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত ছিল এবং গোল করে অবদান রাখতে পেরে আমি আনন্দিত।’

‘প্রায় ৫০,০০০ দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে আমি গোলটি করেছিলাম, আর এখানকার পরিবেশ এটিকে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতায় রূপ দিয়েছিল। ফিফার পরবর্তী উইন্ডোর আগে আমি ইতিমধ্যে অনেক বার্তা পেয়েছি, যেখানে আমাদের ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আমি সত্যিই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

গত মৌসুমে পেশাদার লিগে নিজের প্রথম মৌসুমে ফারহান প্রিমিয়ার লিগ-২ এর ২১টি ম্যাচে ১৭টি গোল ও অ্যাসিস্ট করেন। ফুলহ্যামের ইয়ং হোয়াইটদের চতুর্থ স্থান অর্জন করতে সাহায্য করেছিলেন তিনি। গত বছরের নভেম্বরে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছিলেন এবং মৌসুম সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত হন।

বিষয়:আসিয়ান কাপ ইন্দোনেশিয়া ফারহান ফুলহ্যাম বাংলাদেশ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…