হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হতে চলা অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের একাদশে তিন পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।
অ্যাশেজের প্রথম দুই টেস্টে বল হাতে একেবারেই বিবর্ণ ছিলেন টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি অ্যান্ডারসন। ৭৭ গড়ে পেয়েছেন মাত্র ৩ উইকেট।
কাঁধের ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে যাওয়ায় ব্যাটার অলি পোপ স্বাভাবিকভাবেই নেই। জায়গা পাননি পেসার জশ টাং। ইংলিশদের পেস আক্রমণে ফিরছেন ক্রিস ওকস এবং মার্ক উড। চোট থেকে সেরে উঠে ফিরছেন অলরাউন্ডার মঈন আলী।
পোপের অনুপস্থিতিতে স্বাগতিক ব্যাটিং অর্ডারে আসছে পরিবর্তন। তিনে ব্যাট করবেন হ্যারি ব্রুক। লর্ডস টেস্টে আলোচিত স্টাম্পিংয়ের শিকার হওয়া ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো পাঁচে নামবেন।
সিরিজের প্রথম দুই টেস্টে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। ঘুরে দাঁড়াতে হেডিংলিতে বেন স্টোকসের দলের জয়ের বিকল্প নেই।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড।







