প্রকৃতিই যখন অব্যক্ত বোধের বর্ণমালা

প্রকৃতি আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। যেখানে মিশে আছে শান্তি, ভালোবাসা ও প্রশান্তির এক অপূর্ব ছোঁয়া। আর এই প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ হলো আকাশ, মাটি ও জল। গাছের লতাপাতার মৃদু দোল, নদীর জলের কলকল ধ্বনি কিংবা আকাশে ভেসে বেড়ানো মেঘ-সবকিছুই যেন আমাদের জীবনের কথা বলে।
কেননা এই আকাশ, মাটি আর জলকে ঘিরেই আমাদের জীবন। আকাশ, মাটি, জল আমাদের জীবনের তিনটি স্তম্ভ। আকাশের মতো উদারতা, মাটির মতো সহনশীলতা, আর জলের মতো বদলে যাওয়ার শক্তি। প্রতিদিনের দেখা এই প্রকৃতির মাঝে যে কথাগুলো আমাদের বলা হয়ে ওঠে না, সেই কথাগুলোকেই নিজেদের চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সাতজন নারী শিল্পী।
বয়সে, রঙে, অভিজ্ঞতায় তারা আলাদা; কিন্তু তাদের স্বপ্নটা এক। প্রতিটি কাজের মাঝে লুকিয়ে আছে তাদের পরিশ্রম আর ভালোবাসা। বিভিন্ন দায়িত্বের মাঝে লুকিয়ে থাকা রঙ ও অব্যক্ত কথাকে আলোর মুখ দেখিয়েছেন তাদের এই চিত্রকর্মের মাধ্যমে।
দেশের সাতজন প্রতিভাবান নারী শিল্পী জোছনা মাহবুব, হোসনে বানু ছোটনা, জেসমরিনা হক, মণিদীপা দাসগুপ্ত, মুক্তি ভৌমিক, ফাহমিদা এনাম কাকলি এবং নার্গিস আক্তার পুনমের নিপুণ তুলির ছোঁয়া ও ভাবনায় আকাশ, মাটি আর জল হয়ে উঠেছে আমাদের জীবনের নানা না বলা কথা প্রকাশের মাধ্যম।
গত শুক্রবার (২ অক্টোবর) সাতজন প্রতিভাবান শিল্পীর শিল্পকর্ম নিয়ে ভূমি গ্যালারির লালমাটিয়া শাখায় ‘আকাশ, মাটি, জল’ শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী কনকচাঁপা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও শিল্পানুরাগী গীতাঙ্ক দেবদ্বীপ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি গ্যালারির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সাইফুর রহমান লেনিন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী চিত্রশিল্পীবৃন্দ, শিল্প সমালোচক, শিল্পপ্রেমিসহ অন্যান্যরা।
এই প্রদর্শনী আগামী ৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।






