মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের বিষাদ কাটছেই না আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের সুযোগ হাতছাড়া হয়েছে লা-আলবিসেলেস্তেদের। এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন দলের মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনাল হারের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা। সেখানে ৩৩ বর্ষী এ তারকা ইঙ্গিত দিয়েছেন, জাতীয় দলের হয়ে তার খেলোয়াড় জীবনের অধ্যায় হয়তো শেষের পথে। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন দেখেছিলাম শিরোপা আর্জেন্টিনায় ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়ার। সত্যি বলতে, এই কষ্টের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন।’
‘এখন আমার অনেক কিছু নিয়ে চিন্তা করার সময় এসেছে। কীভাবে সামনে এগোনো যায় এবং এবার সরে দাঁড়ানোর সময় এসেছে কি না। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার দেশ ও সতীর্থদের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে ১১টি অবিশ্বাস্য সেভ করে নতুন রেকর্ড গড়েছেন মার্টিনেজ, যা বিশ্বকাপের ফাইনালে যেকোনো গোলরক্ষকের জন্য সর্বোচ্চ। মে মাস থেকে ভাঙা আঙুল নিয়ে খেলে যাওয়া সত্ত্বেও স্প্যানিশ আক্রমণভাগের বিরুদ্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়েছিলেন তিনি।
তবে ১০৬তম মিনিটে ফেররান তরেসের লক্ষ্যভেদে মার্টিনেজের যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়। ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করা হয়নি আর্জেন্টিনার।







