খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে বাগেরহাটে যাবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাগেরহাটে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা বলেন, ৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সম্প্রতি চীন সফরের সময়ও এ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৪৭৫ কোটি টাকা এবং চীন ৩ হাজার ৫৯৩ কোটি টাকা অর্থায়ন করবে।
প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণ করা হবে। এতে বিপজ্জনক পণ্য ওঠানামার ব্যবস্থাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে ৪৯টি সরঞ্জাম যুক্ত করা হবে। ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার ওঠানামার সক্ষমতা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে চার লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে পারবে মোংলা বন্দর।
এ ছাড়া একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
মোংলা বন্দর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনায় নতুন কুঁড়ি সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।






