আসছে ‘ফেউ’-এর পুরো গল্প, জানা গেল মুক্তির তারিখ

ওটিটি প্ল্যাটফর্ম চরকির আলোচিত সিরিজ ‘ফেউ’ এবার ফিরছে পূর্ণাঙ্গ রূপে। ‘ফেউ কমপ্লিট সাগা’ নামে ৯ পর্বের সিরিজটি মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। প্রথম সিজনের গল্পের কিছু অংশের সঙ্গে বাকি কাহিনি যুক্ত করে নির্মিত হয়েছে এই পূর্ণাঙ্গ সিরিজ। এতে উঠে আসবে সুন্দরবনের জনপদ, মানুষের জীবনসংগ্রাম, রাজনীতি ও সংঘাতের নানা অজানা অধ্যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ফেউ কমপ্লিট সাগা’ মূল সিরিজের দ্বিতীয় কোনো সিজন নয়। বরং প্রথম সিজনের কিছু অংশের সঙ্গে বাকি গল্প যুক্ত করে নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ সংস্করণটি। প্রথম সিজনে ইতিহাস, জনপদ, সেখানকার মানুষের জীবনসংগ্রাম ও রাজনৈতিক বিভাজন আলাদাভাবে তুলে ধরা হয়েছিল। এবার সেগুলো একসঙ্গে মিশে পূর্ণাঙ্গ গল্পের রূপ পেয়েছে।
সত্যের অন্বেষণে ফিকশনাল গল্প লিখেছেন সুকর্ণ শাহেদ ধীমান, রোমেল রহমান ও বিদ্যুৎ। চিত্রনাট্য করেছেন সুকর্ণ শাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ ও রোমেল রহমান।
প্রথম সিজনের শেষে দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—সুনীল কি আদৌ বেঁচে আছেন, নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে মারা গেছেন? একই সঙ্গে সুন্দরবনের মৌয়াল থেকে জলদস্যু বাহিনীর সর্দারে পরিণত হওয়া মার্শাল কি আবার অধিকার আদায়ের লড়াইয়ে ফিরবেন? ‘ফেউ কমপ্লিট সাগা’য় এসব প্রশ্নের উত্তর মিলবে বলে জানিয়েছেন সিরিজটির নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান।
সিরিজটির টিজার মুক্তি পেয়েছে ৩ নভেম্বর রাতে। টিজারে ইংরেজিতে শোনা যায়, ‘আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের একটা নিজস্ব নিয়ম-আইন রয়েছে। সেটা ভাঙলে, তাকে সমস্যার সম্মুখীন হতে হয়।’ টিজারটি দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।
নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান বলেন, ‘প্রথম সিজনে আমরা গল্পটির ভিত্তি ও ইতিহাস খুব বিস্তৃতভাবে তৈরি করেছিলাম। এবার গল্পটি একটি পূর্ণাঙ্গ অবয়ব পাচ্ছে। “ফেউ কমপ্লিট সাগা” দেখলে দর্শক পুরো গল্পটি একেবারে স্পষ্টভাবে বুঝতে পারবেন। এমনকি যারা প্রথম সিজনটি দেখেননি, তারাও এটি দেখে কোনো অসম্পূর্ণতা বোধ করবেন না। বলতে গেলে, আলাদা করে প্রথম সিজন বলে আর কিছু থাকছে না; “ফেউ কমপ্লিট সাগা”ই ফেউয়ের আসল ও পূর্ণাঙ্গ গল্প।’
নির্মাতা আরও বলেন, ‘এটি সত্যভিত্তিক দেশি গল্পের সিরিজ। এ গল্পে দক্ষিণ-পশ্চিমের বীরত্বগাথা ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ২০২৩ থেকে ২০২৪ সাল প্রায় এক বছর ধরে খুলনা বিভাগের চালনা, বাটিয়াঘাটা, বাজুয়া, মংলা, খুলনা ও সাতক্ষীরাতে শুটিং হয়েছে।’
‘ফেউ কমপ্লিট সাগা’-তে অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকছে সুনীল ও মার্শাল চরিত্রের পরিণতি। চরিত্র দুটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান। মার্শাল চরিত্রটি একজন প্রকৃত সংগ্রামীর প্রতিচ্ছবি। তার লুক, পোশাক, শারীরিক ভাষা ও আচরণে রয়েছে গভীরতা। নির্মাতার আশা, পুরো গল্পটি দেখার পর দর্শক এর প্রকৃত রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।
সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রন্তিক দীপু, আমিরুল ইসলাম ও আবিদ মল্লিকসহ আরও অনেকে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ফেউ প্রথম সিজন মুক্তির পর এর গল্প, লোকেশন, সিনেমাটোগ্রাফি নিয়ে দর্শক আলোচনা করেছেন। সিরিজটির গল্পের সঙ্গে ইতিহাস, রাজনীতি, বাবাকে খুঁজে পাওয়ার জার্নি দর্শক অনুধাবন করতে পেরেছে। আশা করছি, দারুণ সব দৃশ্যায়ন এবং নবীন-প্রবীণদের অভিনয়ে ইতিহাস ও সংগ্রামের জার্নিটা দর্শকদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে।’
‘ফেউ কমপ্লিট সাগা’ মুক্তি পাবে ১১ নভেম্বর রাত ১২টায়। অর্থাৎ ১২ নভেম্বর থেকে চরকিতে দেখা যাবে সিরিজটি।





