লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শনিবার ভোরে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে। চোটে একগাদা তারকাকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েল, জিওভানি লো সেলসোরা চোটে ছিটকে গেছেন। সবশেষ ছিটকে গেছেন লৌতারো মার্টিনেজ।
শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। ফিফার আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আরও একটি ম্যাচ খেলবে ব্রাজিলের বিপক্ষে। বুধবার লিওনেল স্কালোনির দল ঘরের মাঠে ব্রাজিলকে আতিথ্য দেবে। বাছাইয়ে ভালো অবস্থানে আছে দলটি। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে মেসিরা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রাজিল। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে।
ইন্টার মিয়ামির হয়ে সবশেষ আটালান্টা ইউনাইটেড ম্যাচে চোট পান মেসি। ম্যাচের পর তার স্ক্যান করানো হয়। পায়ের মাংসপেশি ও সংযোগে চোট ধরা পড়ে। তাতে ছিটকে যান। পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েল ও জিওভানি লো সেলসোরাও চোটে ছিটকে গেছেন।
বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ সামনে রেখে লৌতারো মার্টিনেজকে নিয়ে ২৬ সদস্যের দল দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। উরুগুয়ে ম্যাচের আগে তার চোটের খবর আসে। আপাতত বাকিদের নিয়ে নামতে হচ্ছে বিশ্বজয়ীদের।
যারা দলে আছেন তাদের নিয়েই লড়াই করতে চান আজের্টিনা কোচ স্কালোনি। বলেছেন, ‘আমরা জানতাম, বেশ কয়েকজন খেলোয়াড় চোটাক্রান্ত হয়েছে এবং কয়েকজন খেলোয়াড়কে হারানোর শঙ্কা ছিল। এমনই ঘটেছে। এখন আমাদের সঙ্গে যারা আছে, তাদের নিয়ে ভাবতে হবে, এটা তাদের জন্যও একটা সুযোগ। আমাদের সেরাটা দিয়ে এবং কোনো অভিযোগ ছাড়াই ম্যাচ খেলতে হবে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, জিউলিয়ানো সিমিওনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঞ্জেল কোরেয়া।








