‘১০ নম্বরের’ উত্তরসূরি নির্বাচনে নিকো পাজের চাচাকে কী বলেছেন মেসির মা

আর্জেন্টিনা ফুটবলের উঠতি তারকা নিকো পাজ। ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ মৌসুম পার করছেন ২২ বর্ষী ফরোয়ার্ড। লিওনেল মেসি আর্জেন্টিনা দল থেকে অবসরের পর কে হবেন তার ১০ নম্বর জার্সির উত্তরসূরি, সেই আলোচনা তুঙ্গে। মেসির মা সেলিয়া মারিয়া কুচিত্তিনি উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন নিকো পাজকে।
৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী মঞ্চ ছিল। স্বাগতিকরা ৩-০ ব্যবধানে জিতে স্মরণীয় বিদায় উপহার দেন কিংবদন্তি মহাতারকাকে।
সেদিন সেই বিশেষ মুহূর্তে গ্যালারিতে ছিলেন মেসির মা সেলিয়া। খেলা শেষে নিকো পাজের সাথে কথা হয় তার। কী আলোচনা হয়েছিল তা সামনে আনলেন নিকো পাজের চাচা ফ্যাবিয়ান পাজ।
রেডিও লা রেডকে ফ্যাবিয়ান জানিয়েছেন, ‘মেসির বিদায়ী ম্যাচে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসার সময় মেসির মাকে কাঁদতে দেখা যায়। নিকো পাজ তাকে অভিবাদন জানাতে এগিয়ে যান। কারণ তিনি তাকে চিনতেন। তখন মেসির মা নিকোর হাত ধরে বলেন, তুমিই আমার ছেলের উত্তরসূরি।’
পাজের চাচা সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘নিকো যখন বেরিয়ে আসে সে পুরোপুরি হতবাক। সে আমাকে বলল কী ঘটে গেল বিশ্বাসই করতে পারছি না। সে বিষয়টিকে অবিশ্বাস্য এক ঘটনা হিসেবে বর্ণনা করেছে। সে কখনও কল্পনাও করেনি মেসির উত্তরসূরি হতে পারে। নিকোর কাছে লিওনেলকে জানা এবং তার পাশে খেলতে পারাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’





