চিকিৎসার জন্য ভারতে যাবেন সাদ, সব খরচ বাফুফের

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় তুলেছিল বাংলাদেশ দল। কিন্তু ম্যাচের প্রায় শেষ দিকে ডানপায়ের গোড়ালিতে ব্যথা পান রাইট ব্যাকে খেলা সাদ উদ্দিন। পরে জানা যায় সাফের আসর শেষ এ রাইট ব্যাকের, একই সাথে প্রায় এক বছরের জন্য ছিঁটকে গেছেন। এখন তার চিকিৎসার যাবতীয় ভার বহন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), জানিয়েছেন টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
শনিবার বাফুফে’র ন্যাশনাল টিমস কমিটির সভা হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে সেখানে বিভিন্ন বিষয়ের পাশাপাশি সাদ উদ্দিনের ব্যাপারটি নিয়েও আলোচনা করা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে সাদ উদ্দিনের চিকিৎসা এবং সুস্থ হওয়া পর্যন্ত যাবতীয় খরচ বহন করবে বাফুফে। তাকে ভারতে নিয়ে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে বাংলাদেশ ফুটবলের কর্তাসংস্থা।
সভা শেষে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের একজন খেলোয়াড় সাদ উদ্দিন শ্রীলঙ্কার ম্যাচের সময় পায়ে অনেক ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে। আমরা তার এমআরআই করিয়েছি। এখন তার চিকিৎসার জন্য আমাদের সভাপতি সাহেবের সহযোগিতায়, খুব সহসাই সাদকে ইন্ডিয়াতে পাঠানোর জন্য, ভিসার জন্য এম্বাসিতে যোগাযোগ করে ব্যবস্থা করা হচ্ছে। এবং যাবতীয় যত খরচ যা লাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহন করবে।’
‘সভাপতি সাহেব নিজেই এটা বলেছে যে, ও আমাদের দেশের সম্পদ। যেহেতু সে দেশের জন্য খেলতে গিয়েছে এবং দেশের খেলা খেলতে গিয়ে সে ব্যথা পেয়েছে। তাই যেকোনো সময় যেকোনো খেলোয়াড়রা যদি কোনো রকমের কোনো ব্যথা পায়, তার পাশে ফুটবল ফেডারেশন সবসময়ই থাকবে এবং সাদের পাশেও আছে। সাদ সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তার যত রকমের খরচ, সম্পূর্ণ খরচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহন করবে।’
সাফে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলেছিল বাংলাদেশ। খেলার ৮১ মিনিট ডানপায়ের গোড়ালিতে আঘাত পান সাদ। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয় এবং চোটের তীব্রতার কারণে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষার পর তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়ে।
শ্রীলঙ্কা ম্যাচের পরদিন অনুশীলনে এসে মিডফিল্ডার জামাল ভূঁইয়া জানিয়েছিলেন, ‘সাদ উদ্দিন, চোট আক্রান্ত হয়েছে। অবশ্যই তার ওইখানে অন্য খেলোয়াড় লাগবে। আমি শুনলাম, তার একিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। কমপক্ষে এক বছর মাঠের বাইরে থাকতে হবে।’






