তথ্যপ্রযুক্তি

ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বিমানবন্দর, রেলস্টেশন কিংবা ক্যাফেতে বিনা মূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ অনেকের কাছেই স্বস্তির। মোবাইল ডেটা খরচ না করেই সহজে ইন্টারনেট ব্যবহার করা যায়। তবে সামান্য এই সুবিধা নিতে গিয়ে সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে ব্যক্তিগত ও আর্থিক তথ্য।

বর্তমানে চলার পথে অফিসের কাজ, অনলাইনে কেনাকাটা, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারের কারণে পাবলিক ওয়াইফাই দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তবে বিনা মূল্যের সব ইন্টারনেট সংযোগ নিরাপদ নয়। কোনো কোনো নেটওয়ার্কের নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকে, আবার কিছু নেটওয়ার্ক তৈরি করা হয় ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে।

এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পাবলিক ওয়াইফাই ব্যবহারের অন্যতম বড় ঝুঁকি হলো ভুয়া ওয়াইফাই হটস্পট। সাইবার অপরাধীরা বিমানবন্দর, হোটেল কিংবা রেস্তোরাঁর অনুমোদিত ওয়াইফাইয়ের নামের সঙ্গে মিল রেখে ভুয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে। ব্যবহারকারীরা আসল নেটওয়ার্ক ভেবে এতে সংযুক্ত হলেই প্রতারণার ঝুঁকিতে পড়তে পারেন।

এসব নেটওয়ার্কের মাধ্যমে সাইবার অপরাধীরা অরক্ষিত ইন্টারনেট যোগাযোগ থেকে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিংসংক্রান্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সাইবার হামলা আরও অত্যাধুনিক হয়ে ওঠায় সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রতারণামূলক নেটওয়ার্ক শনাক্ত করাও কঠিন হয়ে পড়তে পারে।

কেন ঝুঁকিপূর্ণ পাবলিক ওয়াইফাই?

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কুইক হিল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হরিশ কুমার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তাঝুঁকিকে অনেক ব্যবহারকারীই যথেষ্ট গুরুত্ব দেন না।

তিনি অনুমোদিত ওয়াইফাই হটস্পট ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে নেটওয়ার্কের সঠিক নাম নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন। পাবলিক ওয়াইফাইয়ে সংযুক্ত থাকা অবস্থায় ব্যাংকিং লেনদেন কিংবা সংবেদনশীল তথ্য আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলেছেন তিনি।

এ ছাড়া নির্ভরযোগ্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার, ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ রাখা, স্বয়ংক্রিয় ওয়াইফাই সংযোগ বন্ধ এবং দ্বিস্তরীয় পরিচয় যাচাই ব্যবস্থা চালু রাখলে বাড়তি সুরক্ষা পাওয়া যেতে পারে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমফিল্টারইটের বিজনেস ইউনিট প্রধান বরুণ গ্রোভার বলেন, বিনা মূল্যের ইন্টারনেট ব্যবহারের আড়ালে ব্যক্তিগত গোপনীয়তা হারানোর ঝুঁকি রয়েছে।

সাইবার অপরাধীরা ভুয়া হটস্পট ও এনক্রিপশনবিহীন ইন্টারনেট যোগাযোগের সুযোগ নিয়ে পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্য ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। পরবর্তী সময়ে এসব তথ্য পরিচয় চুরি, আর্থিক প্রতারণা কিংবা অনলাইন অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের কাজে ব্যবহার করা হতে পারে।

পাবলিক ওয়াইফাইয়ে আর্থিক লেনদেন কতটা নিরাপদ?

ডেলকম টেলিসিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্র সিংয়ের মতে, পাবলিক ওয়াইফাই সাধারণ ইন্টারনেট ব্যবহারের জন্য উপযোগী হলেও গোপনীয় তথ্য আদান-প্রদান কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে তা এড়িয়ে চলা উচিত।

অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, আর্থিক নথিপত্র, ব্যবসায়িক দলিল কিংবা গুরুত্বপূর্ণ ই-মেইল ব্যবহারের সময় মোবাইল ডেটা অথবা ব্যক্তিগত হটস্পট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

তবে সব পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কই বিপজ্জনক, এমন ধারণাও সঠিক নয় বলে জানিয়েছেন রবীন্দ্র সিং। তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি হলো নেটওয়ার্কের সত্যতা যাচাই না করে অপরিচিত সংযোগ ব্যবহার করা।

পাবলিক ওয়াইফাই ব্যবহারে নিরাপদ থাকার উপায়

নিরাপত্তাঝুঁকি এড়াতে পাবলিক ওয়াইফাই ব্যবহার পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। কয়েকটি সতর্কতা অবলম্বন করলেই ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তাঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

নেটওয়ার্কের নাম যাচাই করুন: ওয়াইফাই সংযোগ নেওয়ার আগে হোটেল, ক্যাফে কিংবা বিমানবন্দরের কর্মীদের কাছ থেকে অনুমোদিত নেটওয়ার্কের নাম জেনে নিন। পরিচিত নাম দেখেই কোনো নেটওয়ার্কে সংযুক্ত হবেন না।

আর্থিক লেনদেন এড়িয়ে চলুন: পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট কিংবা ব্যাংক কার্ডের তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। এসব কাজে মোবাইল ডেটা ব্যবহার করুন।

নির্ভরযোগ্য ভিপিএন ব্যবহার করুন: ভিপিএন ইন্টারনেট যোগাযোগ এনক্রিপ্ট করে, যা একই নেটওয়ার্কে থাকা অন্যদের জন্য তথ্য হাতিয়ে নেওয়া কঠিন করে তোলে। তবে ভিপিএন সব ধরনের সাইবার প্রতারণা থেকে সুরক্ষা দেয় না।

স্বয়ংক্রিয় ওয়াইফাই সংযোগ বন্ধ রাখুন: মোবাইল ফোন কিংবা ল্যাপটপের অটো-কানেক্ট সুবিধা বন্ধ রাখুন। এতে অজান্তেই অপরিচিত ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার ঝুঁকি কমবে।

ডিভাইস হালনাগাদ রাখুন: অপারেটিং সিস্টেম ও নিরাপত্তাসংক্রান্ত সফটওয়্যারের সর্বশেষ আপডেট নিয়মিত ইনস্টল করুন। এতে পরিচিত নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর ঝুঁকি কমে।

দ্বিস্তরীয় পরিচয় যাচাই চালু করুন: অনলাইন অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা দ্বিস্তরীয় পরিচয় যাচাই ব্যবস্থা চালু রাখুন। এতে পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ কঠিন হবে।

ব্যবহার শেষে সংযোগ বিচ্ছিন্ন করুন: অন্যের কিংবা সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ডিভাইসে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা রাখবেন না। কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগআউট করুন এবং ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করুন।

ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়ার সঙ্গে বিনা মূল্যের ইন্টারনেট ব্যবহারের জনপ্রিয়তাও বাড়ছে। তবে সাময়িক সুবিধার জন্য ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, পাবলিক ওয়াইফাই সাধারণ ব্রাউজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো। আর্থিক লেনদেন ও গোপনীয় তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে মোবাইল ডেটা কিংবা ব্যক্তিগত হটস্পট ব্যবহারই তুলনামূলক নিরাপদ।

বিষয়:ওয়াইফাই পাবলিক ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…