‘ডুলিকে বাদ দিবো নাকি রাখব, এখনই সিদ্ধান্ত নিচ্ছি না’

সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর ঘরের মাটিতে আবারও চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার সম্ভাবনা থাকলেও পাকিস্তানের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর হেড কোচ থমাস ডুলির কৌশল ও সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এখনও এ কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্তে যেতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সাফের পর শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বসেছিল ন্যাশনাল টিমস কমিটির নিয়মিত সভা। প্রায় দুই ঘণ্টা আলোচনার পর সংবাদমাধ্যমে কথা বলতে আসেন বাফুফে’র মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি জানান এ সভায়, থমাস ডুলি থাকবেন নাকি চলে যাবেন সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
সভা নিয়ে আমিরুল ইসলাম বাবু জানান, ‘আমাদের জাতীয় দলের কোচ টমাস ডুলি, তাকে নিয়েই আমাদের মূল বিষয় এবং আলাপ-আলোচনা হয়েছে। আলোচনার থমাস ডুলি নিজেও উপস্থিত ছিলেন। সভায় আমাদের সভাপতি তাবিথ আউয়াল সাহেব, সিনিয়র সহ-সভাপতি ইমরুল সাহেব জুমে, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, সত্যজিৎ দাশ রুপু, সাঈদ হাসান কানন, ইমতিয়াজ আহমেদ সবুজ, মনজুরুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা সেমিফাইনালে পাকিস্তানের সাথে যে ম্যাচে হেরেছি ওই বিষয়ে কিছু আলাপ-আলোচনা হয় এবং প্রশ্ন করা হয় কোচকে।’
‘তারপরে আমরা কোচকে চলে যেতে বলি। সে চলে যাওয়ার পর আমরা নিজেরা আলাপ-আলোচনা করি। আলোচনার আপনারা জানেন যে অনেকেই উপস্থিত ছিল না। বিশেষ করে ইমরুল ভাই তখন আর অনলাইনে ছিল না, ইকবালও আসে নাই। আমরা চিন্তা-ভাবনা করে দেখেছি যে কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে আরও বসতে হবে, আমরা আবারও বসবো।’
আবারও সভা করে কোচের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘আমরা খুব সহসাই আবার আরেকটা মিটিং ডাকবো। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছে যে, আমাদের যদি কোনো সদস্য, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কোনো সদস্য কোচকে যদি কোনো প্রশ্ন করতে চায়, যদি কিছু জিজ্ঞেস করতে চায় তারা জানতে পারে। আমরা আবার একটা মিটিং ডেকে তখন সিদ্ধান্ত নিব। কোচের ব্যাপারে আমরা যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তই নিতে পারি, কোনো রকমের অসুবিধা হবে না।’

‘প্রেসিডেন্ট সাহেব বলে দিয়েছেন যে, সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হবে, দেশের জন্য যে সিদ্ধান্ত ভালো হবে, ফুটবলের জন্য যেটা করলে ভালো হবে, খেলোয়াড়দের জন্য যেটা করলে ভালো হবে, দেশের ফুটবল কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে এগিয়ে নিয়ে গেলে জিনিসটা সুন্দর হবে, সেদিকেই প্রেসিডেন্ট সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন।’ যোগ করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
থমাস ডুলির ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না জানিয়ে টিম ম্যানেজার জানান, ‘তাকে আমরা বাদ দিব, তাকে আমরা রাখবো, তাকে আমরা কী করবো না করবো, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আলাপ-আলোচনা করার পরে যদি কোনো রকমের সিদ্ধান্ত নিতে হয়, সেটাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে রেফার করতে হবে। নির্বাহী কমিটিতে বলে তারপরেই সিদ্ধান্তটা নিতে হবে। এই ব্যাপারে আমরা মূল সিদ্ধান্ত এটাই নিয়েছি, পরবর্তী মিটিংয়ে আলাপ-আলোচনার সাপেক্ষে যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে নির্বাহী কমিটিতে এটা ফাইনাল করবো।’





