জনপদ

২৫ বছর পর প্যারোলে বাড়ি ফিরলেন শাহিদুল

স্থায়ী মুক্তি চায় পরিবার

২৫ বছর পর প্যারোলে বাড়ি ফিরলেন শাহিদুল

দীর্ঘ ২৫ বছর পর পরিবারের কাছে ফিরেছেন ভারতের দিল্লিতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিক শাহিদুল আফজাল ফরাজী। চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। শাহিদুলের স্থায়ী মুক্তির দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শাহিদুলকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে দুপুর সোয়া ২টার দিকে তাকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশি নিরাপত্তায় তাকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

শাহিদুল আফজাল ফরাজী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের মৃত আব্দুল লতিফ রাজের ছেলে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তবে সাময়িক মুক্তিতে সন্তুষ্ট নয় পরিবার।

দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে আবেগাপ্লুত শাহিদুলের মেয়ে মেমী জানান, তার বয়স যখন এক বছর, তখন বাবা ভারতে গিয়েছিলেন। দাদি অসুস্থ থাকায় পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের মুক্তি মিলেছে। তবে সাময়িক নয়, বাবার স্থায়ী মুক্তি চান তিনি। তার দাবি, তার বাবা নির্দোষ।

শাহিদুলের স্ত্রীও স্বামীর স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন। জীবনের বাকি সময়টুকু স্বামীর সঙ্গে কাটাতে চান তিনি। এ জন্য সরকারের কাছে স্বামীর স্থায়ী মুক্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা শাহিদুলকে গাজীপুরের ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন। প্যারোলের শর্ত অনুযায়ী তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ভারতে গিয়ে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েন শাহিদুল আফজাল ফরাজী। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কারাগারে প্রায় ২০ বছর বন্দি থাকার পর ২০২১ সালে ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন।

বিষয়:গোলাম মোহাম্মদ বাতেন প্যারোলে মুক্তি বাগেরহাট বাগেরহাটের জেলা প্রশাসক মোড়েলগঞ্জ শাহিদুল আফজাল ফরাজী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…