লিওনেল মেসি রেকর্ডের পেছনে ছোটেন না, বরং রেকর্ড ছুটে আসে মেসির দিকে! ক্যারিয়ারের শেষবেলায় এসে এমনই হয়ে দাঁড়িয়েছে কিংবদন্তির বিষয়টা। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে যেমন, মাঠে নেমেই নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুক্রবার সকালে এ-গ্রুপে কানাডার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আকাশী-নীল জার্সিধারী দলটি। গোল করেছেন জুলিয়ান আলভারেজ ও লৌতারো মার্টিনেজ। এই প্রথম দেশের হয়ে কোনো টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমেছেন মেসি।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। ছাড়িয়ে গেছেন ১৯৪২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ৩৪ ম্যাচ খেলা চিলির গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনকে।
ম্যাচ শেষে মেসিও জানান এতসব রেকর্ড নিয়ে ভাবেন না। এ বেলায় শুধুই উপভোগ করতে চান আসরটি, ‘সবসময়ই বলি, কখনও রেকর্ডের দিকে মনোযোগ দেই না। এবারের কোপা আমেরিকা উপভোগ করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।’
আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির সঙ্গে। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুদল।








