বাংলাদেশ

বাংলাদেশের জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রশংসা তুরস্কের ফার্স্ট লেডির

বাংলাদেশের জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রশংসা তুরস্কের ফার্স্ট লেডির

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে সহযোগিতা করতে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায় দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। তুরস্কসহ বিভিন্ন দেশের বাজারে এসব পণ্যের ব্যবহার বাড়াতে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের মধ্যে তৈরি হওয়া স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কেও এমিনে এরদোয়ানকে অবহিত করেন তিনি।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন বলে বৈঠকে উল্লেখ করা হয়। তবে প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমিনে এরদোয়ান।

নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ও নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময় করতে চান এমিনে এরদোয়ান। এ উদ্দেশ্যে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে কাজ করবে।

বিষয়:তুরস্ক নারীস্বাস্থ্য শামা ওবায়েদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…