বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
সভায় বলা হয়েছে, বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে, ২৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।







