আজ রোববার (১৮ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে। হিজরি বর্ষপঞ্জিকা অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে পালিত হয় শবে বরাত। তবে দক্ষিণ এশিয়ার মতো আরব বিশ্বে এ রাতকে ঘিরে বড় ধরনের আনুষ্ঠানিকতা সাধারণত দেখা যায় না।
সংবাদমাধ্যম গালফ টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোনো স্থানেই শাবান মাসের অর্ধচন্দ্র দেখার সম্ভাবনা নেই। ফলে সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে শুরু হবে হিজরি বর্ষপঞ্জিকার অষ্টম মাস শাবান।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, আজ শাবানের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই তা অস্ত যাবে। এ কারণে আজ চাঁদ দেখা সম্ভব নয়। তবে সোমবার খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়ায় সোমবার (১৯ জানুয়ারি) টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে।
চাঁদ দেখার হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে শবে বরাত পালিত হবে। বাংলাদেশে সোমবার শাবানের চাঁদ দেখা গেলে একই রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। আর যদি সেদিন চাঁদ দেখা না যায়, তাহলে ৪ ফেব্রুয়ারি রাতে পালিত হবে শবে বরাত।







