আন্তর্জাতিক

নতুন নেসেটের শপথ, ইসরায়েলের রাজনীতিতে কি শেষ ‘নেতানিয়াহু অধ্যায়’?

নতুন নেসেটের শপথ, ইসরায়েলের রাজনীতিতে কি শেষ ‘নেতানিয়াহু অধ্যায়’?

ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসানের ইঙ্গিতের মধ্যে শপথ নিয়েছেন দেশটির ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে আনুষ্ঠানিক অধিবেশনে ১২০ জন আইনপ্রণেতা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেশটির সংসদীয় রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়।

আনুষ্ঠানিক অধিবেশনে পর্যায়ক্রমে শপথ নেন নবনির্বাচিত সদস্যরা। সবার শপথ গ্রহণ শেষে নেসেটের সচিব নতুন সংসদের সাফল্য কামনা করে সদস্যদের অভিনন্দন জানান। এ সময় করতালির মধ্য দিয়ে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান উপস্থিত আইনপ্রণেতারা।

তবে এবারের শপথ অনুষ্ঠানে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি বিশেষভাবে আলোচনায় এসেছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার স্মৃতি। সবার শেষে শপথ নেওয়া চার নতুন আইনপ্রণেতার মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবন ওই হামলার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।

তাদের একজন মধ্যপন্থি ইয়াশার দলের শিরা শাপিরো। ৭ অক্টোবরের হামলায় তার ছেলে আনের এলিয়াকিম শাপিরো নিহত হন। ইসরায়েল বেইতেনু দলের শ্যারন শারাবির দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে ওই দিন কিবুতজ বেইরি থেকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে ইয়োসি বন্দিদশায় মারা যান।

একই দলের নতুন সদস্য নোয়াম তিবন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক জেনারেল। ৭ অক্টোবর হামলার সময় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করে তিনি নিজেই নাহাল ওজ এলাকায় ছুটে যান। সেখানে নিজের ছেলে ও তার পরিবারকে উদ্ধার করেন।

অন্যদিকে, শেষ পর্যায়ে শপথ নেওয়া চতুর্থ সদস্য এরেজ তাদমোর ডানপন্থি লিকুদ দলের নেতা। তিনি ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ইম তিরতজুর প্রতিষ্ঠাতা।

নতুন পার্লামেন্টের যাত্রাকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ এবং ৭ অক্টোবরের হামলার পর দেশটির সমাজে তৈরি হওয়া গভীর ক্ষতও সামনে এসেছে।

১২০ জন আইনপ্রণেতার শপথের মধ্য দিয়ে ২৬তম নেসেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার সমীকরণ নিয়ে ইসরায়েলের রাজনীতিতে পরিবর্তনের আলোচনা অব্যাহত রয়েছে।

বিষয়:ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেট জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহু নবগঠিত ২৬তম সংসদ শপথ গ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…