হেগসেথকে অভিশংসনের উদ্যোগে বাধা রিপাবলিকানদের, পেন্টাগনের বিজয় দাবি

ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ পরিচালনা ও সামরিক অভিযানে ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। এ ঘটনাকে হেগসেথ, প্রতিরক্ষা বিভাগ ও মার্কিন সেনাদের জন্য ‘পূর্ণ বিজয়’ হিসেবে দেখছে পেন্টাগন।
বুধবার (১১ নভেম্বর) পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অভিশংসন প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর জন্য বিজয়। তার ভাষায়, অভিশংসনের এই উদ্যোগের কোনো যৌক্তিক ভিত্তি নেই। এটি নিছক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।
কমিটিতে তথাকথিত ‘ভুয়া অভিশংসন’ প্রচেষ্টার অবসান ঘটানোর অপেক্ষায় রয়েছে প্রতিরক্ষা বিভাগ বলেও জানান পার্নেল।
এদিকে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য টিম বারচেটও হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগের সমালোচনা করেছেন। প্রতিনিধি পরিষদের অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যে ব্যক্তি মাদক ব্যবসায়ী ও মাদকবাহী নৌযানকে দেশে প্রবেশ করা থেকে থামিয়েছেন, তাকেই আপনারা অভিশংসন করতে চাইছেন!’
সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার পক্ষেও অবস্থান নেন বারচেট।
অন্যদিকে সিনেটে রিপাবলিকান নেতা জন থুনে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থা এখনো হেগসেথের ওপর রয়েছে। তিনি বলেন, হেগসেথ প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী দায়িত্ব পালন করছেন এবং প্রেসিডেন্ট তার ওপর আস্থাশীল।
এর আগে হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে সিদ্ধান্ত হয়। প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি। ইরান যুদ্ধ পরিচালনা এবং অন্যান্য সামরিক অভিযানে হেগসেথের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে তিনি এ উদ্যোগ নেন।
তবে কমিটিতে পাঠানোর সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান সদস্য ছিলেন প্রস্তাবটির উত্থাপক ম্যাসি।





