ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্যকে মাথায় গুলি করা হয়েছে। আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমর (২৬)। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীপাবলির রাতে নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, ধীরাজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি প্রথমে দেয়ালে আঘাত করে পরে সৌরভের কানে পেছনের অংশে মাথায় লাগে।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতকে আক্রমণ করেন বলে অভিযোগ রয়েছে। পাল্টা সংঘর্ষে মিন্টুও লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান সবাই। পালিয়ে যান অভিযুক্ত দুই ভাই।
স্থানীয়দের দাবি, দুই পরিবারের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগেও তাঁদের মধ্যে একটি বিরোধ হয়েছিল।
সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত তিনি। ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট এটি। দীপাবলি উদ্যাপনে ছুটিতে নিজ গ্রামে গিয়েছিলেন তিনি।
গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হলেও তাকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এ ঘটনায় সৌরভের বাবা জনক রাজ জরুরি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






