আমার হুমায়ূন: যে ঘোর আজও কাটেনি

হুমায়ূন আহমেদকে নিয়ে লিখতে বসলে আমার কাছে প্রথমেই কোনো লেখক, ঔপন্যাসিক কিংবা চলচ্চিত্র নির্মাতার মুখ ভেসে ওঠে না। ভেসে ওঠে এক অদ্ভুত মায়ার মানুষ। এমন একজন মানুষ, যাঁর লেখা পড়তে পড়তে কখন যে নিজের জীবনের সঙ্গে তাঁর গল্পের চরিত্রগুলোকে মিলিয়ে ফেলেছি, তা বুঝতেই পারিনি। তাঁর সৃষ্টি করা হিমুর মধ্যে কখনো নিজেকে খুঁজেছি, কখনো মিসির আলীর যুক্তির জগতে প্রবেশ করেছি। আবার কখনো তাঁর গল্পের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের সুখ-দুঃখের মধ্যে নিজের চারপাশকে আবিষ্কার করেছি।
হুমায়ূন আহমেদ আমার কাছে কেবল একজন প্রিয় লেখক নন, তিনি আমার লেখক হয়ে ওঠার স্বপ্নেরও একটি বড় অংশ। একসময় লেখক হওয়ার ইচ্ছা থেকেই তাঁর বই পড়তাম। তাঁর লেখা পড়তে শুরু করলে থামা যেত না। মনে আছে, এক ঈদের ছুটিতে টানা সাত দিন বাসায় বসে শুধু হুমায়ূন আহমেদ পড়েছি। একটা বই শেষ হলে আরেকটা বই হাতে নিতাম। তাঁর গল্পের ভেতরে ঢুকে গেলে বাইরের পৃথিবীটা যেন কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যেত।
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রে পড়াশোনা, শিক্ষকতা এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি—তাঁর জীবনপথের একদিকে ছিল বিজ্ঞান, অন্যদিকে ছিল সাহিত্যের এক বিশাল জগৎ। ১৯৭২ সালে প্রকাশিত ‘নন্দিত নরকে’ দিয়ে বাংলা কথাসাহিত্যে তাঁর যে যাত্রা শুরু, তা পরবর্তী কয়েক দশকে বাংলাদেশের পাঠাভ্যাস ও জনপ্রিয় সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে।
আমি মনে করি, হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের মন বোঝার ক্ষমতা। খুব সাধারণ একটি ঘটনা, একটি সংলাপ, একটি পরিবারের ছোট্ট অভিমান কিংবা কোনো মানুষের নিঃসঙ্গতা দিয়ে তিনি পাঠককে নিজের কাছে টেনে নিতে পারতেন। তাঁর ভাষা ছিল সহজ, কিন্তু সেই সহজ ভাষার মধ্যে লুকিয়ে থাকত গভীর জীবনবোধ। তিনি কঠিন বিষয়কে সহজ করে বলতে জানতেন। আবার সহজ বিষয়কে এমনভাবে উপস্থাপন করতেন, যার ভেতরে পাঠক নতুন অর্থ খুঁজে পেতেন।
বাংলা সাহিত্যে তাঁর জনপ্রিয়তা নিয়ে আলোচনা করতে গেলে অনেক তর্ক হতে পারে। সাহিত্যমান, জনপ্রিয়তা, সমালোচনা—সবকিছুরই আলাদা জায়গা রয়েছে। কিন্তু কয়েক প্রজন্মের পাঠককে বইয়ের কাছে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। বইমেলা, নতুন বইয়ের অপেক্ষা, প্রিয় লেখকের পরবর্তী উপন্যাস প্রকাশের উত্তেজনা—এসবের সঙ্গে হুমায়ূন আহমেদের নাম এমনভাবে জড়িয়ে গেছে যে বাংলাদেশের পাঠসংস্কৃতির ইতিহাসে তাঁকে আলাদা করে দেখতে হয়।
হিমু চরিত্রটির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক একটু অন্য রকম। একটা সময় নিজেকে হিমু ভাবতাম। হিমুর হলুদ পাঞ্জাবি, ভবঘুরে জীবন, প্রচলিত নিয়মের প্রতি উদাসীনতা, মানুষের সঙ্গে অদ্ভুত সব কথোপকথন—সবকিছু আমাকে টানত। হিমুর মধ্যে এক ধরনের মুক্তি ছিল। অন্যদিকে মিসির আলীর মধ্যে ছিল যুক্তি, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের শক্তি। শুভ্রর মধ্যে দেখেছি এক ধরনের নির্মলতা। হুমায়ূন আহমেদ তাঁর চরিত্রগুলোকে এমনভাবে নির্মাণ করেছিলেন, যেন তারা আমাদের পরিচিত মানুষ। তাদের সঙ্গে দেখা না হলেও তাদের জীবনের সঙ্গে আমরা পরিচিত।
বিশেষ করে চ্যানেল আই প্রাঙ্গনে হিমু মেলায় আমি নিয়মিত থাকতাম। হিমুকে ঘিরে মানুষের যে ভালোবাসা দেখেছি, তা আমাকে বিস্মিত করেছে। কত মানুষ হলুদ পাঞ্জাবি পরে এসেছে, কত তরুণ-তরুণী হিমুর কথা বলেছে, কত মানুষ তাঁর বই নিয়ে স্মৃতিচারণ করেছে! একজন লেখকের সৃষ্ট চরিত্রকে কেন্দ্র করে এমন আয়োজন আমাদের সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ ঘটনা। হিমু যেন বইয়ের পাতা থেকে বেরিয়ে বাস্তবের মানুষের মধ্যে হাঁটতে শুরু করেছে।
হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাঁর নিজস্ব ভাষা ও গল্প বলার ধরন। তিনি খুব সাধারণ মানুষের জীবনকে সাহিত্যের কেন্দ্রে নিয়ে এসেছেন। মধ্যবিত্ত পরিবারের ছোটখাটো সংকট, প্রেম, অভিমান, সংসারের টানাপোড়েন, মানুষের একাকিত্ব, অদ্ভুত রসবোধ—এসব তাঁর সাহিত্যের পরিচিত উপাদান। তাঁর ভাষা সহজ ছিল, কিন্তু সেই সহজ ভাষার ভেতরে ছিল গভীর জীবনবোধ।
‘নন্দিত নরকে’ দিয়ে তাঁর সাহিত্যযাত্রা শুরু। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কবি’, ‘কোথাও কেউ নেই’, ‘দারুচিনি দ্বীপ’, ‘মেঘ বলেছে যাব যাব’সহ অসংখ্য রচনা পাঠকের হাতে পৌঁছেছে। তিনি হিমু, মিসির আলী ও শুভ্রর মতো চরিত্র তৈরি করেছেন, যাদের আলাদা পাঠকসমাজ রয়েছে। বাংলা সাহিত্যে জনপ্রিয়তা ও পাঠকের সঙ্গে সংযোগের যে জায়গাটি তিনি তৈরি করেছেন, তা নিয়ে নতুন করে গবেষণা হওয়া দরকার।
আমি মনে করি, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে পাঠকের সঙ্গে লেখকের সম্পর্কের ধরন বদলে দিয়েছেন। তাঁর বইয়ের জন্য পাঠক অপেক্ষা করতেন। বইমেলায় তাঁর নতুন বই প্রকাশের দিন ছিল উৎসবের মতো। এমনকি যারা নিয়মিত বই পড়তেন না, তাঁদেরও বইয়ের দিকে ফিরিয়ে আনার ক্ষমতা ছিল তাঁর। এই পাঠক তৈরি করার কাজটি ছোট কোনো অর্জন নয়।
তাঁর ভাই মুহম্মদ জাফর ইকবালকে নিয়েও আমার আলাদা আগ্রহ রয়েছে। জাফর ইকবাল বাংলা কিশোরসাহিত্য, কল্পবিজ্ঞান ও বিজ্ঞানভিত্তিক লেখালেখিতে নিজস্ব একটি জগৎ তৈরি করেছেন। তাঁর বইয়ের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, কল্পনা ও মানবিকতার মিশেল রয়েছে। নতুন প্রজন্মের পাঠকেরা তাঁর লেখার মাধ্যমে বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়েছে। আমার মেয়ে মমি জাফর ইকবালের ভক্ত। ওর বই পড়ার আগ্রহ দেখে ভালো লাগে। একজন লেখকের সাহিত্য যে পরবর্তী প্রজন্মের মধ্যেও পাঠাভ্যাস তৈরি করতে পারে, এটি তারই উদাহরণ।
আহসান হাবীবের লেখার ধরন আবার একেবারেই আলাদা। কার্টুন, রম্যরচনা ও ব্যঙ্গের মাধ্যমে তিনি সমাজের নানা অসংগতি তুলে ধরেন। তাঁর পর্যবেক্ষণশক্তি এবং হাস্যরসের নির্মাণ আমাকে আকৃষ্ট করে। আমার ছেলে ইকরাজ আহসান হাবীবের ভক্ত। একই পরিবারে তিন ভাইয়ের তিন রকম সৃষ্টিশীলতা আমাকে সবসময় ভাবায়। হুমায়ূন আহমেদ কথাসাহিত্য ও নাটকে, জাফর ইকবাল বিজ্ঞানমনস্ক সাহিত্য ও কিশোরসাহিত্যে, আর আহসান হাবীব কার্টুন ও রম্যসাহিত্যে নিজেদের জায়গা তৈরি করেছেন।
তাঁদের মা আয়েশা ফয়েজের লেখা ‘জীবন যে রকম’ বইটিও আমার পড়া। বইটি আমার কাছে গুরুত্বপূর্ণ এ কারণে যে, একজন সৃষ্টিশীল মানুষের পারিবারিক ও ব্যক্তিগত জীবনের অনেক অনুষঙ্গ তাঁর মায়ের স্মৃতিতে উঠে এসেছে। একটি পরিবার কীভাবে সন্তানদের বেড়ে ওঠা, চিন্তা ও সৃষ্টিশীলতার পরিবেশ তৈরি করে, সেটিও এই বইয়ের মধ্য দিয়ে বোঝা যায়। হুমায়ূন আহমেদকে জানতে গেলে তাঁর পারিবারিক পরিমণ্ডলকেও জানা প্রয়োজন।
হুমায়ূন আহমেদের বাড়িতে আমি বহুবার গিয়েছি। গুলতেকিন আহমেদের হাতে চা’ও খেয়েছি। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের কাছ থেকে অনেক গল্প শুনেছি। সেই সময়ের স্মৃতিগুলো আজও আমার কাছে অমূল্য।
হুমায়ূন আহমেদ শুধু উপন্যাস লেখেননি, টেলিভিশন নাটকের ভাষাও বদলে দিয়েছেন। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’—এসব নাটক বাংলাদেশের টেলিভিশন দর্শকের স্মৃতিতে স্থায়ী জায়গা করে নিয়েছে। বাকের ভাই চরিত্রটি নিয়ে মানুষের আবেগ তার বড় প্রমাণ। নাটকের একটি কাল্পনিক চরিত্রের জন্য দর্শকেরা প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন। একজন নাট্যকারের সৃষ্টির সঙ্গে দর্শকের এমন আবেগী সম্পর্ক খুব বিরল। আমি নিজেও নাটক নির্মাণের সময় তাঁর সাহিত্য থেকে অনুপ্রেরণা পেয়েছি।
তাঁর লেখা উপন্যাস, রূপার জন্য ভালোবাসা থেকে নাটক নির্মাণ করা আমার জীবনের অন্যতম সেরা অর্জন।
জাফর ইকবালের লেখা একজন দুর্বল মানুষের গল্প থেকেও নাটক নির্মাণ করেছি। সাহিত্যের গল্পকে দৃশ্যের ভাষায় রূপান্তর করার অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, একটি ভালো গল্পের শক্তি কতখানি। লেখকের কল্পনা, চরিত্রের মনস্তত্ত্ব এবং সংলাপের ভেতরের অর্থকে পর্দায় তুলে ধরা সহজ কাজ নয়।
হুমায়ূন আহমেদের চলচ্চিত্র, তাঁর চলচ্চিত্রবিষয়ক লেখা ও চলচ্চিত্র নিয়ে প্রকাশিত বইগুলোও আমি পড়েছি, অধ্যয়ন করেছি। চলচ্চিত্রের ভাষা, চিত্রনাট্য, দৃশ্য নির্মাণ ও গল্প বলার কৌশল নিয়ে তাঁর কাজ আমাকে ভাবিয়েছে। ‘আগুনের পরশমণি’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় তাঁর যে যাত্রা, সেটি ছিল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এক মানবিক চলচ্চিত্রভাষার প্রকাশ। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ এবং ‘ঘেটুপুত্র কমলা’সহ তাঁর চলচ্চিত্রগুলোতে নিজস্ব নির্মাণশৈলী দেখা যায়।
তাঁর চলচ্চিত্রে প্রকৃতি, বৃষ্টি, জ্যোৎস্না, নদী, গান ও মানুষের সম্পর্ক এক ধরনের কাব্যিক আবহ তৈরি করে। তিনি জানতেন, কখন একটি দৃশ্যকে নীরব রাখতে হয়, কখন একটি সংলাপ দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাঁর চলচ্চিত্রে গানও বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘শ্রাবণ মেঘের দিন’-এর গান থেকে শুরু করে অন্যান্য চলচ্চিত্রের সংগীত—সবখানেই তাঁর নিজস্ব রুচি ও সৃজনশীলতার ছাপ রয়েছে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি যে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন, তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ।
তাঁর মৃত্যুর দিনটির স্মৃতি আমার কাছে খুব কষ্টের। বৃষ্টির দিন ছিল। বৃষ্টিতে ভিজে হলুদ পাঞ্জাবি পরে তাঁর মরদেহের সামনে দাঁড়িয়ে তাঁকে শেষবারের মতো দেখেছিলাম। সেই মুহূর্তটি আজও আমার চোখে ভাসে। ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে তিনি মারা যান। খবরটি পাওয়ার পর মনে হয়েছিল, আমাদের পরিচিত একটি জগৎ যেন হঠাৎ থেমে গেল। যে মানুষটির লেখা পড়তে পড়তে এতটা সময় কাটিয়েছি, যাঁর চরিত্রের সঙ্গে নিজের জীবনকে মিলিয়েছি, তিনি আর নেই—এটি মেনে নেওয়া সহজ ছিল না।
তবে একজন লেখকের মৃত্যু তাঁর সৃষ্টির মৃত্যু নয়। হুমায়ূন আহমেদের ক্ষেত্রে কথাটি আরও বেশি সত্য। তাঁর মৃত্যুর এত বছর পরও তাঁর বই বিক্রি হচ্ছে, নতুন পাঠক তৈরি হচ্ছে, তাঁর নাটক ও চলচ্চিত্র মানুষ দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সংলাপ, গল্প ও চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। নতুন প্রজন্মও হিমু, মিসির আলী ও শুভ্রকে চিনছে। তাঁর লেখা নিয়ে নতুন করে ভাবছে, নতুন করে ব্যাখ্যা করছে।
আজও তাঁর বাড়ি, তাঁর লেখার টেবিল, তাঁর পিঁড়িতে বসে লেখার দৃশ্য, তাঁর অদ্ভুত রসবোধ—সবকিছু মনে পড়ে। তাঁর সঙ্গে দেখা করার স্মৃতি মনে হলে মনে হয়, বাংলা সাহিত্যের এক বিস্ময়কর সময়ের কাছাকাছি থাকার সুযোগ পেয়েছিলাম।
হুমায়ূন আহমেদকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, বিতর্কও হয়েছে। জনপ্রিয় লেখক হিসেবে তাঁর সাহিত্যকে কখনো কখনো মূল্যায়নের সংকীর্ণ পরিসরে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর পাঠকসংখ্যা, সাহিত্যকর্মের ব্যাপ্তি, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অবদান এবং কয়েক প্রজন্মের সাংস্কৃতিক স্মৃতিতে তাঁর অবস্থান বিবেচনা করলে বোঝা যায়, তিনি একটি সময়কে নির্মাণ করেছেন।
আমার কাছে হুমায়ূন আহমেদ আজও প্রাসঙ্গিক। কারণ তিনি মানুষের কথা লিখেছেন। মানুষের হাসি-কান্না, প্রেম, বিচ্ছেদ, নিঃসঙ্গতা, স্বপ্ন ও কল্পনার কথা লিখেছেন। সময় বদলায়, মানুষের জীবনযাপন বদলায়, প্রযুক্তি বদলায়; কিন্তু মানুষের অনুভূতি বদলায় না। সেই অনুভূতির জায়গাতেই হুমায়ূন আহমেদ বারবার ফিরে আসেন।
১৩ নভেম্বর তাঁর জন্মদিন। এই দিনে তাঁকে স্মরণ করতে গিয়ে আমার নিজের জীবনের অনেক অধ্যায় ফিরে আসে। মনে পড়ে সেই সাত দিনের ঈদের ছুটি, হিমুর ঘোর, বইয়ের পর বই পড়া, তাঁর বাড়িতে যাওয়া, গুলতেকিনের বাসায় চা খাওয়া, তাঁর সঙ্গে দেখা করার সেই অদ্ভুত মুহূর্ত এবং বৃষ্টিতে ভিজে হলুদ পাঞ্জাবি পরে তাঁর মরদেহের সামনে দাঁড়িয়ে থাকার স্মৃতি।
আমার নিজের ছেলে-মেয়ে যখন হুমায়ূন পরিবারের অন্য দুই লেখকের বই পড়ে, তখন মনে হয় এই সাহিত্যিক উত্তরাধিকার এখনো প্রবহমান। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বইয়ের ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে।
হুমায়ূন আহমেদ চলে গেছেন, কিন্তু তাঁর তৈরি করা মানুষগুলো যায়নি। হিমু এখনো হাঁটে, মিসির আলী এখনো রহস্যের সমাধান খোঁজেন, শুভ্র এখনো নির্মলতার কথা মনে করিয়ে দেয়। আর আমার মতো অসংখ্য পাঠক আজও তাঁর বই খুললে ফিরে যান সেই পুরোনো ঘোরে।
সত্যি বলতে, আমার সেই ঘোর আজও কাটেনি।






