ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেয়ার ব্যাপারটি একপ্রকার নিশ্চিত ছিল জুলিয়ান আলভারেজের। বাকি ছিল আনুষ্ঠানিকতা। বিদায়ী ক্লাবের রেকর্ড মূল্যে চুক্তিও সেরে নিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন।
লা লিগার দলটি বিবৃতিতে জানিয়েছে, ৮ কোটি ১৫ লাখ পাউন্ডে আলভারেজকে দলে টেনেছে অ্যাটলেটিকো। সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামের রেকর্ড এটি। ২০২২ সালে রাহিম স্টার্লিংকে ৫ কোটি পাউন্ডে চেলসির কাছে বিক্রির সিটি-রেকর্ড ভেঙে দিলেন আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি।
২০২২ সালে স্বদেশী ক্লাব রিভার প্লেট ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলভারেজ। সিটিজেনদের হয়ে ১০৩ ম্যাচে করেছেন ৩৬ গোল। সিটির হয়ে নিজের প্রথম মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ পান ২৪ বর্ষী তারকা। গত মৌসুমে লিগ শিরোপা জিতেছেন পেপ গাদিওলার শিষ্য হয়ে।








