কক্সবাজার

৮ গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা হাতির লড়াই

৮ গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা হাতির লড়াই

শরীরে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়া সেই অসুস্থ বন্য হাতিটিকে আবারও চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি দেখা দিয়েছে। হাতিটির বর্তমান শারীরিক অবস্থায় অচেতন করে চিকিৎসা দেওয়া হলে তার জ্ঞান না ফেরার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ অবস্থায় আপাতত নিয়মিত খাবার সরবরাহ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে হাতিটির শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করছে বন বিভাগ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার জাহাজপুরা গর্জনবাগান এলাকায় অবস্থান করছে অসুস্থ হাতিটি। শনিবার (২৮ নভেম্বর) সকালে আবারও লোকালয়ে ফিরে আসার পর হাতিটির চিকিৎসা ও সুরক্ষায় তৎপরতা শুরু করে বন বিভাগ।

রোববার (২৯ নভেম্বর) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, জাহাজপুরা গর্জনবাগান এলাকায় অবস্থানরত অসুস্থ হাতিটির শারীরিক অবস্থা দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছেন চিকিৎসকরা। বর্তমান শারীরিক অবস্থায় হাতিটিকে ট্রাঙ্কুলাইজ বা অচেতন করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তারা। এ অবস্থায় অচেতন করা হলে হাতিটির জ্ঞান না ফেরার আশঙ্কা রয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা জানান, শনিবার বিকেল থেকে হাতিটিকে পাকা কলা, মিষ্টিকুমড়া ও পেঁপে সরবরাহ করা হয়েছে। হাতিটি এসব খাবার গ্রহণ করছে। শনিবার রাত ৯টার দিকে ডুলাহাজারা সাফারি পার্ক থেকে তিন সদস্যের একটি চিকিৎসা ও উদ্ধারকারী দল জাহাজপুরা গর্জনবাগানে পৌঁছায়। বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির শারীরিক অবস্থা ও গতিবিধি পর্যবেক্ষণ করে।

কাজী তারিকুর রহমান আরও জানান, আগামী কয়েক দিন হাতিটিকে নিয়মিত খাবার সরবরাহের পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। খাবার ও বিশ্রামের মাধ্যমে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পুনরায় চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে অসুস্থ হাতিটির সুস্থতার জন্য স্থানীয় জনগণকে ধৈর্য ধারণ করে বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। হাতিটির কাছাকাছি ভিড় না করা, শব্দ সৃষ্টি, ঢিল ছোড়া কিংবা কোনোভাবে উত্ত্যক্ত না করার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে হাতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল ও স্থানীয়দের ঘরবাড়ির ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়াপাড়া খেলার মাঠসংলগ্ন এলাকায় অসুস্থ হাতিটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় হাতিটির পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন এবং ডান চোখ বন্ধ অবস্থায় দেখা যায়। লোকালয়ে এসে হাতিটি চারটি বসতঘর ও কয়েকটি সুপারি বাগানের ক্ষতি করে। একপর্যায়ে হাতিটিকে বনে ফেরত পাঠাতে উৎসুক জনতার অনেকে ঢিল ও আগুন নিক্ষেপ করেন বলেও অভিযোগ ওঠে।

বন বিভাগ জানিয়েছে, হাতিটির শরীরে থাকা আটটি গুলি হাড়ের সঙ্গে আটকে রয়েছে। এর আগে চিকিৎসার সময় গুলিগুলো বের করা সম্ভব হয়নি।

গত ১৬ নভেম্বর ভোরে টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে আহত স্ত্রী হাতিটিকে নিয়ে লোকালয়ে নেমে এসেছিল একটি পুরুষ হাতি। পেছনের ডান পায়ে গভীর ক্ষত নিয়ে যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছিল না স্ত্রী হাতিটি। ওই সময় অসুস্থ সঙ্গীকে ছেড়ে না যাওয়া পুরুষ হাতিটির আচরণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

পরে বন বিভাগ ও বন্যপ্রাণী চিকিৎসকদের দুই দিনের প্রচেষ্টায় ড্রোনের সাহায্যে জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। গত ১৮ নভেম্বর ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটিকে অচেতন করে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসা দেন। এ সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করা হয়।

চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। চিকিৎসা শেষে সঙ্গী পুরুষ হাতিটির সঙ্গে গভীর বনে ফিরে যায় আহত স্ত্রী হাতিটি।

কিন্তু চিকিৎসার মাত্র ১০ দিনের মাথায় আবারও লোকালয়ে ফিরে আসে হাতিটি। এবার শারীরিক দুর্বলতার কারণে অচেতন করে চিকিৎসা দেওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

একদিকে শরীরে আটটি গুলি নিয়ে হাতিটির বেঁচে থাকার লড়াই, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষা—দুই বিষয়ই এখন বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় হাতিটিকে সুস্থ করে তোলার প্রচেষ্টায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছে বন বিভাগ।

বিষয়:অসুস্থ বন্য হাতি বন বিভাগ হাতির চিকিৎসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…