আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক পেয়ে আবেগাপ্লুত পূর্ণিমা
এই পদক 'ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি' মনে করেন পূর্ণিমা

স্বাধীনতার পর বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, প্রয়াত আবদুল্লাহ আল মামুন তাদের অন্যতম। নাটক, চলচ্চিত্র ও অভিনয়ে অসামান্য অবদান রাখা এই গুণী শিল্পীর স্মৃতি ও কর্মকে স্মরণীয় করে রাখতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
প্রথমবারের এই আয়োজনে চিত্রনায়িকা পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন পূর্ণিমা।

রোববার দুপুরে নিজের ফ্যানপেজে এক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘গতকাল অনুষ্ঠিত হলো আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬। এই প্রথমবারের মতো যাত্রা শুরু করল এই সম্মাননা।’
তিনি আরও লিখেছেন, ‘এই পদকের প্রথম আসরেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে আমাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের, আবেগের এবং গর্বের একটি মুহূর্ত। সত্যি বলতে, এই সম্মাননা পেয়ে আমি ভীষণভাবে আবেগাপ্লুত ও সম্মানিত বোধ করছি।’
নিজের দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই পদক বিশেষ স্থান করে নেবে উল্লেখ করে পূর্ণিমা বলেন, একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন করা এবং শিল্পসত্তাকে সম্মান জানানোই সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি লেখেন, ‘আমার দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই পদক একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে। একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন করা, তার শিল্পসত্তাকে সম্মান জানানো এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’
এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে পূর্ণিমা বলেন, ‘এই অসাধারণ আয়োজনের জন্য আয়োজকসহ সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

এ আয়োজনে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি ও শাহেদ শরীফ খানকেও সম্মাননা জানানো হয়।
একই মঞ্চে গুণী শিল্পীদের সঙ্গে সম্মাননা গ্রহণ করতে পেরে আনন্দিত পূর্ণিমা। তিনি বলেন, ‘একই মঞ্চে আরও অনেক গুণী ও সম্মানিত শিল্পীর সঙ্গে এই পদক গ্রহণ করতে পেরেছি, সেটিও আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তাদের প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
সবশেষে পূর্ণিমা বলেন, এই পদক শুধু একটি সম্মাননা নয়; এটি একজন শিল্পীর কাজ, শ্রম, নিষ্ঠা ও দীর্ঘ পথচলার প্রতি ভালোবাসা ও স্বীকৃতির প্রতীক হয়ে থাকবে। আমার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬। আমাকে এই সম্মানের যোগ্য মনে করে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।





