বাংলাদেশ

পাঠ্যক্রম সংস্কার থেকে কর্মসংস্থান, কেন এই ‘অধ্যক্ষ সম্মিলন’

পাঠ্যক্রম সংস্কার থেকে কর্মসংস্থান, কেন এই ‘অধ্যক্ষ সম্মিলন’
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থানমুখী শিক্ষার প্রসারে বড় ধরনের পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬। দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে এই সম্মিলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই সম্মিলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ পড়াশোনা করেন। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ছাড়া দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন আনা কঠিন। এই বাস্তবতায় কলেজগুলোর অধ্যক্ষদের একত্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং শিক্ষার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করাই সম্মিলনের অন্যতম লক্ষ্য।

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের তাগিদ

সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতি তুলে ধরে বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে, সে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো

জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। এর অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে চাকরি, ব্যবসা, শিক্ষা ও বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। বিশেষ করে গ্রাম ও মফস্বলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে শিক্ষার মান ও কর্মসংস্থান নিয়ে রয়েছে নানা চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় পাঠ্যক্রম সংস্কার, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি দেশের দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

কেন গুরুত্বপূর্ণ এই সম্মিলন?

 ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মিলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: 

  • শিক্ষার মানোন্নয়ন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার গুণগত মান বাড়ানো।
  • পাঠ্যক্রম সংস্কার: ১৫৯টি বিষয়ে পাঠ্যক্রম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ে সংস্কার শেষ করার লক্ষ্য রয়েছে।
  • প্রযুক্তিনির্ভর শিক্ষা: শিক্ষার্থীদের এআই, সাইবার নিরাপত্তা, ফ্রিল্যান্সিং, ডেটা প্রসেসিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির মতো বিষয়ে দক্ষ করে তোলা।
  • শিক্ষকদের প্রশিক্ষণ: ১২ হাজার কলেজশিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
  • কর্মসংস্থান সৃষ্টি: বিদেশি শ্রমবাজারে সুযোগ বাড়াতে জাপানি, চীনা, কোরীয়সহ বিভিন্ন ভাষা শেখানোর উদ্যোগ।
  • প্রশাসনিক সংস্কার: সেশনজট কমানো, পরীক্ষাব্যবস্থার উন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
  • সবুজ ক্যাম্পাস: ২০৩০ সালের মধ্যে কাম্পাসগুলোতে সৌরবিদ্যুৎ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা।

পাঠ্যক্রম সংস্কার ও দক্ষতা উন্নয়নের পরিকল্পনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার মধ্যে রয়েছে ১৫৯টি বিষয়ের পাঠ্যক্রম সংস্কার, শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ফ্রিল্যান্সিং ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া সেশনজট নিরসন, পরীক্ষাব্যবস্থার উন্নয়ন, কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়গুলোও সম্মিলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান সরাসরি দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই শুধু নতুন পরিকল্পনা গ্রহণ নয়, সেগুলোর বাস্তবায়নে অধ্যক্ষদের কার্যকর ভূমিকা নিশ্চিত করাও জরুরি। সব মিলিয়ে, উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন, প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই সম্মিলন। এখন এসব পরিকল্পনা কতটা বাস্তবে রূপ নেয়, সেটিই দেখার বিষয়।

বিষয়:অধ্যক্ষ সম্মিলন উচ্চশিক্ষাব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…