দুই ঘণ্টা পর জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

জামান টাওয়ার ভবনে অগ্নিনির্বাপণ কাজ চালানো হচ্ছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।
আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি তিনি।
তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি।
বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তখন ফায়ারের ওই কর্মকর্তা জানান, ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ভবনটি থেকে আমরা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছি।






