জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এর ফলে সেখানে এক মিটার (৩.২৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে বলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইতোমধ্যেই ওই উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়ে থাকতে পারে বলে সম্প্রচারকারী সংস্থা এনএইচকে জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির পরিস্থিতি মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে। তাছাড়া সরকার মানুষের জীবনকে অগ্রাধিকার দিতে এবং জরুরি দুর্যোগ মোকাবিলায় কোনো প্রচেষ্টা বাকি না রাখতেও নির্দেশ দিয়েছে।
জাপান সরকার দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।







