দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকার, একজন সিলেটের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা।এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৫ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫। এর মধ্যে ১৫ হাজার ৫৫৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১ হাজার শিশু।







