আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

ছবি: সংগৃহীত

এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ দাবানল ও ধোঁয়াশার সঙ্গে লড়াইয়ের মধ্যে পূর্ব জাভার  জাতীয় উদ্যানে আগুন নেভাতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির বন ও পরিবেশ মন্ত্রণালয় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার (১৫অক্টোবর ) মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব জাভার ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া এই দাবানলে চারজন প্রাণ হারান। এ ছাড়া আরও দুজন গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ইন্দোনেশিয়ার এই দাবানলের তীব্রতা দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে, যার ফলে ওই অঞ্চলগুলোতে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

নিহতদের পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং দাবানল মোকাবিলায় নিয়োজিত কর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেছে।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছাকাছি অবস্থিত সুমাত্রা এবং বোর্নিও দ্বীপগুলো এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত উপগ্রহ পর্যবেক্ষণে দেশজুড়ে ৭৯৯টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট শনাক্ত করা হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪২৭টি বেশি। তবে হটস্পট মানেই সরাসরি আগুন নয়, অনেক সময় একটি বড় অগ্নিকাণ্ড একাধিক স্থানে হটস্পট হিসেবে ধরা পড়তে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরমানথা নাসির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

এর আগে গত মাসে মালয়েশিয়া তিনটি হেলিকপ্টার, একটি বিমান এবং ৫২ জন কর্মী পাঠানোর প্রস্তাব দিলেও পরবর্তীতে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। এদিকে সিঙ্গাপুরও সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

বিষয়:ইন্দোনেশিয়া জাভার  জাতীয় উদ্যান দাবানল পররাষ্ট্রমন্ত্রী আরমানথা নাসির বোর্নিও দ্বীপ সুমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…