চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইনচুয়ানের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ৭ জন।
এনডিটিভি জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বিস্ফোরণের বিষয়ে বলেছে, এলপিজি গ্যাসের লিক থেকে বুধবার শহরের কেন্দ্রস্থলে ফুয়াং বারবিকিউ রেস্তোরাঁয় এই বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতই বেশি ছিল যে, এতে রেস্তোরাঁর আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সময় ওই রেস্তোরাঁর ভেতরেও অনেক মানুষ উপস্থিত ছিলেন।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ শিল্প ও ক্ষেত্রগুলোতে নিরাপত্তা তদারকি ও ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে যাতে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা যায়।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী এবং ২০টি গাড়ি ঘটনাস্থলে পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উদ্ধার তৎপরতা শেষ হয়েছে।







