রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। নিহতদের মধ্যে দুইজন নারী।
সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) বুধবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জাকা জানায়, মঙ্গলবার আবহা বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে দুই প্রবাসী নারী নিহত হন। তারা মরক্কো ও আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় সৌদি নাগরিক ও বিদেশি বাসিন্দাসহ ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ফিলিপাইনের নাগরিক রয়েছেন।
এরপর বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে এক সুদানি প্রবাসী নিহত হন। আহত হন আরও আটজন।
আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, দুইজন মিসরীয় প্রবাসী এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কারও আঘাত গুরুতর আবার কারও আঘাত তুলনামূলক কম।
হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হামলার ঘটনায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
জাকা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং বিমানবন্দরগুলোর নিরাপত্তা যাচাই করা হচ্ছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কার্যক্রম নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।






