বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন সন্ধ্যার পর সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে রাজধানীর ভিন্ন ভিন্ন তিনটি স্থানে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার ৮ নভেম্বর রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বাসের আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিসের কার্মীরা।
তালহা বিন জসিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাতীবাজার মোড় এলাকায় আকাশ পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সেখানে সদরঘাট ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি বলেন, বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে রাত ৮টা ১০ মিনিটে একটি মিনি বাসে আগুন দেওয়া হয়। খবর শুনে কুর্মিটোলা ফায়ার স্টেশন এর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আগুন নিভে যায়।
এছাড়াও রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির জিগাতলা এলাকায় রমজান পরিবহন নামের একটা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।








