মুত্যুর আট বছর পরও গান ও সুরের জাদুতে শ্রোতাদের মাঝে অমলিন আইয়ুব বাচ্চু। রবিবার (১৬ আগস্ট) তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রয়াত এই গিটার কিংবদন্তীর ২০টি কালজয়ী গান নতুন সংগীতায়োজনে প্রকাশ পাচ্ছে ।
‘উত্তরাধিকার’ নামে বিশেষ অ্যালবামে দেশের ৮টি উদীয়মান ব্যান্ড ও ১২ জন একক শিল্পী গেয়েছেন গানগুলো। অ্যালবামটি ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ হবে বলে জানা হেছে।
ইকবাল আসিফ জুয়েলের মাস্টারিংয়ে তৈরি অ্যালবামে থাকছে ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘গতকাল রাতে’, ‘চাঁদ মামা’, ‘অচেনা জীবন’, ‘মাধবী’, ‘বাংলাদেশ’সহ আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান।
তবে ‘উত্তরাধিকার’ শুধু স্মরণ আয়োজন নয়। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ ব্যয় করা হবে বহুল প্রতীক্ষিত ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের তহবিলে।
প্রকল্পের সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ভাবনা থেকেই ২০টি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের এই উদ্যোগে তার ব্যবহৃত গিটার, পোশাক ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণের স্বপ্নও এগিয়ে যাবে।
প্রকল্পটির বিস্তারিত জানাতে ১৬ আগস্ট বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। একই দিনে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘উত্তরাধিকার’-এর গানগুলো।


