ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। তার নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছ থেকে দুটি জেলাটিন স্টিক (বিস্ফোরক) উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার (১০ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইটিভি ভারত এ তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদির আগমনের আগে বেঙ্গালুরুর কাগ্গালিপুরা থানা এলাকার টাটাগুনি এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় একটি ফুটপাতের পাশ থেকে দুটি জেলাটিন স্টিক উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি মোদির অনুষ্ঠানের মূল ভেন্যু থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পরিচালিত তল্লাশির সময় বিস্ফোরক দুটি পাওয়া যায়। এগুলোর উৎস ও সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত পরীক্ষা শুরু করেন। একই সঙ্গে পুরো এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা নজরদারি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রোববার কর্ণাটক সফরে গিয়ে বেঙ্গালুরুর কাগ্গালিপুরার কাছে কানাকাপুরা রোডে অবস্থিত আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি নবনির্মিত একটি ধ্যান মন্দির উদ্বোধন করেন। পরে তিনি প্রায় ৯ হাজার ৪০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে হায়দ্রাবাদে যান।


